কক্সবাজারে ইলিশের আকাল
পয়লা বৈশাখ উপলক্ষে কক্সবাজারে ইলিশ ধরার মহোৎসব চললেও এ বছরের চিত্র বিপরীত। শহরের বিভিন্ন হাটবাজারে ইলিশ নেই বললেই চলে। মাঝেমধ্যে কিছু জাটকা নজরে পড়লেও চড়া দামের কারণে তাও সাধারণ মানুষের নাগালের বাইরে।
গতকাল শনিবার সকালে শহরের পাইকারি মাছ বিক্রির বাজার ‘নুনিয়াছটা ফিশারি ঘাটে’ গিয়ে দেখা যায়, গভীর সাগর থেকে ৪৫টির বেশি ট্রলার ঘাটে ভিড়েছে। কিন্তু কোনোটিতেই ইলিশ নেই।
জেলে আমিন উল্লাহ বলেন, ‘গত বছর পয়লা বৈশাখ উপলক্ষে আমরা ১৩ লাখ টাকার ইলিশ বিক্রি করেছিলাম। এবার শূন্য হাতে ফিরেছি।’
ইলিশ ব্যবসায়ী ওমর কাজী জানান, গত বছর এ সময় এই ফিশারি ঘাট দিয়ে দৈনিক ৫০-৬০ ট্রাক ইলিশ চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে। এখন দৈনিক এক ট্রাক ইলিশও সরবরাহ সম্ভব হচ্ছে না। কিছু ট্রলার জাটকা ধরে আনলেও নিষেধাজ্ঞার কারণে তা বিক্রি সম্ভব হচ্ছে না।
গতকাল দুপুরে শহরের বাহারছড়া, বড়বাজার, কালুরদোকান ঘুরে দেখা যায়, বাজারগুলো ইলিশশূন্য। বাহারছড়া বাজারে তিনজন ব্যবসায়ী ৫০টির বেশি জাটকা লুকিয়ে বিক্রি করার চেষ্টা করছেন। কিন্তু কেউ কিনছেন না। কারণ, বিক্রেতারা কেজিপ্রতি দাম হাঁকছেন ৩০০ থেকে ৪৫০ টাকা।
বৈশাখে পান্তা ভাতের সঙ্গে পরিবেশনের জন্য ইলিশ কিনতে বাজারে এসে অনেকে হতাশ। বেসরকারি সংস্থা ‘নোঙর’-এর নির্বাহী পরিচালক দিদারুল আলম জানান, তাঁর প্রতিষ্ঠানে অর্ধশতাধিক মাদকাসক্ত তরুণকে সুস্থ করার কার্যক্রম চলছে। এই বৈশাখে তাঁদের পান্তা-ইলিশ খাওয়ানোর ইচ্ছা আছে তাঁর। কিন্তু কোথাও ইলিশ পাচ্ছেন না।
জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম জানান, ১৪ এপ্রিল সকালে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হবে। উৎসবের প্রথম দিন সকালে পান্তা-ইলিশের আয়োজন রাখা হয়েছে। কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে না।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, ইলিশের আকাল চলছে। ইলিশের সন্ধান না পেয়ে অসংখ্য ট্রলার গভীর সাগর থেকে ফিরে আসছে। এতে কয়েক হাজার জেলে-পরিবার হতাশ।