কক্সবাজারে ইসলামী ঐক্যজোটের ছয়জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের একটি হোটেল থেকে গ্রেপ্তার হওয়া জেলা ইসলামী ঐক্যজোটের ছয় নেতাকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। অপর এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মিয়ানমারের রোহিঙ্গাদের এ দেশে অনুপ্রবেশে সহযোগিতা, শহরে বসবাসকারী রাখাইনদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে পুলিশ গত সোমবার ওই সাত নেতাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া নেতারা হলেন ইসলামী ঐক্যজোট জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, ইসলামী ঐক্যজোটের নেতা (নেজামী ইসলামী বাংলাদেশ, জেলা শাখার সহসভাপতি) মুফতি এনামুল হক, ইসলামী ঐক্যজোটের কর্মী আ হ ম নুরুল কবির হিলালী, হাফেজ আবদুল হক, মাওলানা এরশাদ উল্লাহ, হাফেজ আবু বক্কর ছিদ্দিক ও ইসলামী ছাত্রসমাজ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবুল মনজুর। পুলিশ জানায়, তাঁরা ওই দিন বেলা ১১টায় শহরের লালদীঘির পাড়ের একটি হোটেলে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক শুরু করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আদালতের সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) ফরিদুল আলম জানান, ওই সাত নেতাকে গতকাল পুলিশ জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করে।