কক্সবাজারে ইয়াবা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ইয়াবা চোরাচালান মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের কলাতলীর কাটাপাহাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মোস্তাক আহমদ ওরফে হাজি মফিজ (৩২)। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া গ্রামে।
পুলিশের ভাষ্য, ইয়াবা ব্যবসাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাকের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, কাটাপাহাড় এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশ সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা জঙ্গলে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।
ওসি বলেন, লাশের পাশে তিন হাজার ইয়াবা বড়ি, একটি দেশি বন্দুক ও তিনটি কার্তুজ পাওয়া যায়। পরে লাশের পরিচয় শনাক্ত করা হয়।
মোস্তাক আহমদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ইয়াবা পাচারের সাতটি মামলা রয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, মোস্তাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের একজন।