কক্সবাজার শহরের উঁচু পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী লাখো মানুষকে নামাতে পারছে না প্রশাসন। পাঁচ দিনের ভারী বর্ষণে পাহাড়ের বিভিন্ন অংশে ফাটল ধরে ধসে পড়ছে। এতে প্রাণহানির আশঙ্কা বাড়ছে৷
গতকাল বৃহস্পতিবার সকালে সমুদ্রসৈকতসংলগ্ন শহরের লাইট হাউস পাহাড় ঘুরে দেখা গেছে, দেড় শ ফুট উঁচু একটি পাহাড় কেটে সেখানে লোকজন নতুন করে ঘরবাড়ি তৈরি করছেন।
সৈয়দ নুর (৪৪) নামে এক শ্রমিক বলেন, গত পাঁচ দিনের বর্ষণে উঁচু পাহাড়টির পাঁচটি অংশ কেটে সেখানে চারটি ঘর তৈরি করা হয়েছে। আরও পাহাড় কাটা হবে। বৃষ্টির সময় পাহাড়ে ওঠার হাঁটা রাস্তা পিচ্ছিল হওয়ায় প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসতে পারেন না৷
পরিবেশবাদী সংগঠন ‘কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ’ সভাপতি দীপক শর্মা বলেন, শহরের বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, খাজামঞ্জিল, কলাতলী, পাহাড়তলী, লারপাড়াসহ ১২টি উঁচু পাহাড়ে বর্তমানে ঝুঁকি নিয়ে বসতি করছেন অন্তত এক লাখ ২০ হাজার মানুষ। ভারী বর্ষণে পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কায় জেলা প্রশাসন ২১ জুন থেকে মাইকিং করে লোকজনকে নেমে আসার জন্য আহ্বান জানাচ্ছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কেউ পাহাড় ছেড়ে নামেনি। উল্টো উঁচু পাহাড় কেটে নতুন ঘরবাড়ি তৈরির হিড়িক পড়েছে। গত পাঁচ বছরে একাধিক পাহাড়ধসের ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, যে পাহাড় কেটে নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে, এক মাস আগেও সেখানে অভিযান চালিয়ে ১২টি ঘর উচ্ছেদ করা হয়েছিল। বর্ষণ শেষ হলে এসব ঘরবাড়িও উচ্ছেদ করা হবে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে লোকজনকে প্রাণে রক্ষার জন্য পাঁচ দিন ধরে শহর ও উপজেলা সদরে মাইকিং করা হচ্ছে। এখন ঝুঁকিপূর্ণ বসতিগুলো উচ্ছেদের চেষ্টা চলছে।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, নানাভাবে চেষ্টা করেও পাহাড়ের চূড়ায় ঝুঁকি নিয়ে বসবাসকারী লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা যাচ্ছে না। এ নিয়ে প্রশাসন বিব্রত। কারণ, প্রাণহানি ঘটলে প্রশাসনকেই জবাবদিহি করতে হয়।
কক্সবাজার পৌরসভার মেয়র সরোয়ার কামাল বলেন, বৃষ্টির পানিতে পাহাড় কাটার মাটি নিচে পড়ে শহরের নালাগুলো ভরাট হচ্ছে। ফলে শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। পাহাড় কাটা বন্ধ এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে আনতে পৌরসভার পক্ষ থেকেও চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু মানুষ তাতে সাড়া দিচ্ছে না।