কক্সবাজারে উঁচু পাহাড় কেটে প্লট বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বিভিন্ন উঁচু পাহাড় কেটে (সমতল করে) ঘরবাড়ি তৈরির জন্য প্লট আকারে বিক্রির হিড়িক পড়েছে। ইতিমধ্যে ১০টির বেশি পাহাড়ে ১৫ হাজারের মতো ঘরবাড়ি তৈরি করে বসতি করছে প্রায় এক লাখ মানুষ। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি নেই। গত বুধবার দুপুরে শহরের দক্ষিণ পাহাড়তলী পাহাড়ে গিয়ে দেখা গেছে, ১০-১২ জন শ্রমিক উঁচু পাহাড় কেটে সমতল করছেন। কিছু লোক পাহাড় কাটার মাটি ঠেলাগাড়িতে বোঝাই করে বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। সরকারি পাহাড় কাটার কারণ জানতে চাইলে শ্রমিক গিয়াস উদ্দিন (৪৫) বলেন, স্থানীয় পাহাড়তলীর বাসিন্দা আবুল কালাম, নুরুল ইসলাম, শাহ আলমসহ কয়েকজন তাঁদের নিয়োগ দিয়েছেন পাহাড় কাটার জন্য। সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত পাহাড় কেটে তাঁরা জনপ্রতি ৩০০ টাকা মজুরি পাচ্ছেন। স্থানীয় লোকজন জানান, ইতিমধ্যে নুরুল ইসলাম সিন্ডিকেট সরকারি প্রায় পাঁচ একরের পাহাড় প্লট বানিয়ে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। নুরুল ইসলাম বলেন, এসব ব্যক্তিমালিকানাধীন পাহাড়। তাই বন বিভাগ বাধা দিচ্ছে না। এর একটু দূরে পাহাড় কাটছেন আরও কয়েকজন শ্রমিক। শ্রমিকেরা বলেন, কালুর দোকান মাছ ব্যবসায়ী সমিতির নেতারা এই পাহাড় কাটাচ্ছেন। সমিতির সভাপতি খোরশেদ আলম পাহাড় কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, সমিতির সদস্যরা স্থানীয় জাফরের কাছ থেকে পাহাড়টি কিনেছেন। এখন পাহাড়টি কেটে আগাছামুক্ত করা হচ্ছে। কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ বলেন, ‘দিনের বেলায় এখন কেউ পাহাড় কাটে না। রাতের বেলায় পাহাড় কাটার খবর পেলেই আমরা ছুটে যাই। কিন্তু জড়িত ব্যক্তিদের হাতেনাতে ধরা সম্ভব হচ্ছে না।’ জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, পাহাড় কাটা বন্ধে প্রশাসন সজাগ রয়েছে। ইতিমধ্যে পাহাড় কেটে যাঁরা অবকাঠামো তৈরি করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।