কক্সবাজারে উচ্ছেদ আতঙ্কে জলবায়ু-উদ্বাস্তুদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদ আতঙ্কে গতকাল সোমবার কক্সবাজারে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে জলবায়ু-উদ্বাস্তুরা। পরে তারা খাসজমি থেকে উচ্ছেদ না করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়।কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার সম্প্রতি শহরের বৃহত্তর কুতুবদিয়াপাড়ার ৬৮২ একর খাসজমি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বন্দোবস্ত দেয়। এর পর থেকে ওই এলাকায় বসাবাসকারী প্রায় ৪০ হাজার জলবায়ু-উদ্বাস্তু মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। ওই জমি বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে গত রোববার থেকে তারা আন্দোলন শুরু করে।গতকাল সকাল ১০টার দিকে প্রায় ১০ হাজার নারী-পুরুষ শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। তারা ‘জান দেব তবু জমি দেব না’, ‘বাসস্থান নয়তো কবরস্থান’ প্রভৃতি স্লোগান দেয়। তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বিমানসচিবের কুশপুত্তলিকা পোড়ানো হয়। পরে খাসজমি থেকে উচ্ছেদ না করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।বেলা ১১টায় জেলা প্রশাসক মোহামঞ্চদ জয়নুল বারী সমাবেশস্থলে এসে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ না করার ঘোষণা দিলে ঘেরাও কর্মসূচি শেষ করে লোকজন ফিরে যায়।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের বিএনপি-দলীয় সাংসদ লুৎফুর রহমান, কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও পৌরসভার কাউন্সিলর আকতার কামাল।সমাবেশে ভোলার চরফ্যাশনের বাসিন্দা আজমল আলী (৫৫) বলেন, ‘নদীভাঙনের শিকার হয়ে ১৯৯২ সালে শহরের সমিতিপাড়ায় খাসজমিতে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিলাম। ২০০৭ সালে পুনর্বাসনের আশ্বাস দিয়ে কয়েক হাজার ভাসমান পরিবারকে উচ্ছেদ করে নাজিরারটেক চরে পাঠানো হয়। এখন বিমানবন্দর সম্প্রসারণের নামে নাজিরারটেকে বসবাসকারী ৪০ হাজার জলবায়ু-উদ্বাস্তুকে উচ্ছেদের চক্রান্ত চলছে।’স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল বলেন, ‘আমরা জান দেব তবু জমি দেব না। আমাদের জমি আমাদের বরাদ্দ দিতে হবে।’ তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।নাজিরারটেক এলাকার ব্যবসায়ী মো. নুরুদ্দিন জানান, নদী ও সাগরের ভাঙনে বসতবাড়ি হারিয়ে কুতুবদিয়া, মহেশখালী, ধলঘাটাসহ বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এ এলাকায় আশ্রয় নিয়েছে জলবায়ু-উদ্বাস্তুরা। সরকার এর আগে বিমানবন্দর সম্প্রসারণের নামে বন্দরপাড়ার অধিবাসীদের উচ্ছেদ করে ফদনার ডেইলে পুনর্বাসন করে। এখন আবার জলবায়ু-উদ্বাস্তুদের উচ্ছেদের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, ওই বন্দোবস্ত বাতিল করে প্রয়োজনীয় জমিতে বিমানবন্দর সম্প্রসারণ এবং অন্য জমিতে ভাসমান লোকজনকে পুনর্বাসন করতে হবে।সাংসদ লুৎফুর রহমান বলেন, ভাসমান ৪০ হাজার মানুষকে পুনর্বাসন না করে উচ্ছেদ করা মোটেও ঠিক হবে না। তা ছাড়া, বিমানবন্দর সম্প্রসারণের জন্য এত বেশি জমির প্রয়োজন কি না, তা-ও খতিয়ে দেখা দরকার।জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেন, বিমানবন্দর আধুনিকায়ন প্রয়োজন। আবার ভাসমান লোকজনের পুনর্বাসনও দরকার। এ ব্যাপারে আলোচনা চলছে।