কক্সবাজারে উত্তাল সাগরে সার্ফারদের জলক্রীড়া
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল সোমবার আন্তর্জাতিক সার্ফিং দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত সার্ফিং প্রশিক্ষণরত ছেলেমেয়েরা উত্তাল সাগরেই জলক্রীড়া প্রদর্শন করেন। কক্সবাজার লাইফ সেভিং অ্যান্ড সার্ফিং ক্লাব প্রথমবারের মতো কক্সবাজারে দিবসটি উদ্যাপন করল। সার্ফিং শেষে ক্লাবের পক্ষ থেকে এক শোভাযাত্রা বের করা হয়।ক্লাবের সভাপতি ও বাংলাদেশের প্রথম সার্ফার জাফর আলম (২৭) বলেন, ‘সরকারিভাবে আমাদের দেশে আন্তর্জাতিক সার্ফিং দিবসটির স্বীকৃতি না থাকলেও আমরা মনে করি, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারকে বহির্বিশ্বে পরিচিত করে তুলতে এবং পর্যটকদের আকৃষ্ট করতে সার্ফিং অন্যতম মাধ্যম। একে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।’সরেজমিনে দেখা গেছে, সকাল নয়টায় ৩০ জনের বেশি সার্ফার উত্তাল সাগরে ঝাঁপ দেন। উত্তাল সাগরের বড় বড় ঢেউয়ের মাথায় উঠে তাঁদের জলক্রীড়া কূলে দাঁড়ানো পর্যটকদের আনন্দ দেয়। বেলা ১১টায় পর্যটকদের উদ্দেশে সংরক্ষিত বক্তৃতায় জাফর আলম বলেন, বাংলাদেশে সার্ফিং খেলাকে জনপ্রিয় করতে গড়ে তোলা তাঁর ক্লাবের বর্তমান সদস্যসংখ্যা ৮৭। এর মধ্যে মেয়ে ৩৪ জন। সম্পূর্ণ বিনা বেতনে এখানে ছেলেমেয়েদের সার্ফিং শেখানো হয়। পাঁচ বছর ধরে ক্লাবের উদ্যোগে সৈকতের কলাতলী পয়েন্টে আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের সার্ফাররা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।