কক্সবাজারে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সর্বত্রই উন্নয়নের নামে চলছে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড। কতিপয় প্রভাবশালী ও ভূমিদস্যু চক্র এসব চালিয়ে যাচ্ছে। আর প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সহযোগিতা দিচ্ছে। তাই জেলার সর্বত্রই পরিবেশ ধ্বংসের জন্য আমলারাই দায়ী।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত রোববার বিকেলে সৈকতের কলাতলী পয়েন্টে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ আয়োজিত মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা তুলে ধরেন।পরিষদের সভাপতি দীপক শর্মার সভাপতিত্বে সভায় জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী বলেন, রামু চেইন্দা এলাকায় ১০টির বেশি পাহাড় কেটে এগুলোর মাটি দিয়ে দুই শতাধিক একরের বেশি তিন ফসলি কৃষিজমি ভরাট করে নির্মিত হচ্ছে একটি বিনোদন পার্ক। এতে জেলায় খাদ্যসংকটের পাশাপাশি ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হলেও প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। পার্কটি নির্মিত হলে দক্ষিণ মিঠাছড়ি এলাকার ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। অথচ এ রকম পরিবেশ বিধ্বংসী পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ নিজেই।কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, পাহাড় ও গাছ কেটে এবং কৃষিজমি ভরাট করে কতিপয় প্রভাবশালী জেলায় যেভাবে পরিবেশ ধ্বংস করে যাচ্ছে, তাতে ভবিষ্যতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে। চোখের সামনে উঁচু পাহাড়, বনাঞ্চল ও সৈকত দখল করে অবকাঠামো তৈরির হিড়িক পড়লেও সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে।বেসরকারি উন্নয়ন সংস্থা এক্সপাউরুলের নির্বাহী পরিচালক কানন পাল এবং বন ও সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মামুন জানান, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ না করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে লোক-দেখানো এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা করে দায়িত্ব শেষ করে।মুক্ত আলোচনায় অংশ নেন বিশ্বজিৎ পাল বিশু, মোহাম্মদ-উর-রহমান, চঞ্চল দাশগুপ্ত, কামাল উদ্দিন, নাছির উদ্দিন, ইয়াছিন আরাফাত, জাহাঙ্গীর আলম প্রমুখ।পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘লোকবল সংকটের কারণে আমরা পাহাড় কাটাসহ পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডবিরোধী অভিযান চালাতে পারছি না। তার পরও শহরের কলাতলী, বাইপাস সড়কসহ বিভিন্ন স্থানে কয়েকটি পাহাড় থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। ফসলি জমিতে বিনোদন পার্ক তৈরি করা হলেও আমরা এখনো পরিবেশ ছাড়পত্র দিইনি।’জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, বিনোদন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি কোনো অন্যায় করেননি। কারণ, ফসলি জমিতে বিনোদন পার্ক নির্মাণ নিয়ে আগে আদালতের নিষেধাজ্ঞা ছিল। আর এখন সেটি খারিজ হয়ে গেছে। পার্কটি নির্মিত হলে কক্সবাজারের পর্যটনশিল্পে নবদিগন্তের সূচনা যেমন হবে, তেমনি বর্ষায় পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এ ব্যাপারে পার্ক কর্তৃপক্ষের সতর্ক দৃষ্টি রাখতে হবে।