কক্সবাজারে এক কেজি হেরোইনসহ দুই সহোদর গ্রেপ্তার
কক্সবাজার সদর উপজেলায় এক কেজি হেরোইনসহ দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাংলাবাজার এলাকায় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: কুমিল্লার আদ্রা উত্তরপাড়ার আবুল কালামের দুই ছেলে মনির আহমদ (২৩) ও নজরুল ইসলাম (২৬)।অভিযানে নেতৃত্বদানকারী টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল নয়টার দিকে ওই এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক কেজি হেরোইনসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের দাম প্রায় এক কোটি টাকা। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, হেরোইন পাচারের সঙ্গে জড়িত রাঘববোয়ালদের ধরার চেষ্টা চলছে।