কক্সবাজারে এক নারী এসিড সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে উন্মে হাবিবুন্নাহার (৩৩) নামের এক নারী এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। ২২ মে রাতে তাঁর সাবেক স্বামী নুরুল ইসলাম তাঁকে এসিড ছুড়ে মারেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার নুরুল ও তাঁর ভাইসহ চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয়েছে। দেবর সিরাজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুন্নাহার শহরের সমিতিপাড়ার বাসিন্দা। এসিড ছোড়ার ফলে তাঁর মুখমণ্ডল, চোখ, হাত, বুক, গলা ও ঘাড় ঝলসে গেছে। হাবিবুন্নাহারের ছোট ভাই আবদুর রহিম (২০) প্রথম আলোকে বলেন, শহরের রুমালিয়ারছড়ার নুরুল এ পর্যন্ত পাঁচটি বিয়ে করেছেন। তথ্য গোপন করে ২০০৭ সালের ২২ মার্চ তাঁর বোনকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে তাঁদের মধ্যে কলহ চলতে থাকে। এ কারণে গত বছরের ১৮ জুন আনুষ্ঠানিকভাবে নুরুল ও হাবিবুন্নাহারের বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু নুরুল প্রায়ই এসে তাঁর বোনকে নির্যাতন করতেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানোসহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে নুরুল তাঁর বোনের ওপর আরও ক্ষিপ্ত হন। এর জেরে ২২ মে রাত নয়টার দিকে হাবিবুন্নাহার থানা থেকে রিকশায় বাড়ি ফেরার পথে শহরের ডায়াবেটিকস হাসপাতালের সামনে তিন সহযোগীকে নিয়ে নুরুল রিকশার গতিরোধ করে তাঁর ওপর এসিড ছোড়েন। পরে স্থানীয় লোকজন হাবিবুন্নাহারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গত শনিবার তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, গ্রেপ্তার করা সিরাজকে (২৮) এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা আত্মগোপন করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, এটিই কক্সবাজারের প্রথম এসিড সন্ত্রাসের ঘটনা।