কক্সবাজারে একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়নের নির্মাণাধীন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গতকাল শনিবার সকাল নয়টার দিকে সন্ত্রাসীরা মো. মোজামেঞ্চল (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।
এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন স্ত্রী মুবিনা আকতার (৩৫)। একখণ্ড জমির দখল নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ দাবি করছে।
নিহত মোজামেঞ্চল মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মোহাব্বত আলী ছেলে। তিনি নির্মাণাধীন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা এবং জেলা কারাগারের চিকিৎসক আবদুস সালামের বিরোধপূর্ণ একখণ্ড জমির পাহারাদার।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন মুবিনা আকতার বলেন, সকাল নয়টার দিকে একদল সন্ত্রাসী তাঁদের বসতবাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে স্বামী মোজাম্মেলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাঁকেও কোপায়।
এরপর ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা তাঁদের দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মোজাম্মেল মারা যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমার বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে। গত ১৭ মার্চ একই জমির বিরোধের জের ধরে সন্ত্রাসীরা শহরের হাসপাতাল সড়কে চিকিৎসক আবদুস সালামকেও ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।