কক্সবাজারে একের পর এক অপহরণ, উদ্বেগ
একের পর এক অপহরণ ও খুন-খারাবির ঘটনায় উদ্বিগ্ন কক্সবাজারের মানুষ৷
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, হঠাৎ করে পর্যটন শহরে অপহরণ ও খুন-খারাবি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেকে ছেলেমেয়েদের স্কুল-কলেজে পাঠানো নিরাপদ মনে করছেন না।
গত ২৬ মে রাতে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ব্যাঙডেবা এলাকা থেকে অস্ত্রধারীরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা জিতেন্দ্র কিশোর দেব, বাইশারী ইউনিয়নের ঘোনারপাড়ার মাহবুব সেলিম ও নুরুল আলমকে অপহরণ করে নিয়ে যায়৷ ২৪ ঘণ্টা পর তাঁদের মুক্তি দেওয়া হয়। সূত্রমতে, দুই লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে তাঁরা মুক্তি পান৷ তবে সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন তালুকদার বলেন, বিজিবি-পুলিশ পাহাড় ঘিরে অপহৃত তিনজনকে উদ্ধার করে৷
গত ২৫ মে রামুর ঈদগড় ইউনিয়নের রেনুরছড়া সেতু থেকে অস্ত্রধারীরা ঈদগড় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোর্শেদ আলমকে অপহরণ করে। গতকাল েসামবার পর্যন্ত তার সন্ধান পায়নি পুলিশ। পারিবারিক সূত্র জানায়, দুই লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই ফিরোজ আহমদ বলেন, নানা স্থানে অভিযান চালিয়েও ওই স্কুলছাত্রের হদিস মিলছে না। গত ২৪ মে রাতে কক্সবাজার শহরের লিংকরোড এলাকা থেকে নিখোঁজ হন শহরের উত্তর তারাবানিয়াছড়ার ব্যবসায়ী ওবাইদুল হক (৫০)। গত রোববার সকালে পুলিশ তাঁকে উদ্ধার করে৷
গত ২৬ এপ্রিল র্যাব পরিচয়ে একদল ব্যক্তি টেকনাফ পৌরসভার খায়ুকখালী সেতুর ওপর থেকে উত্তর জালিয়াপাড়ার নূর মোহাম্মদ ও তাঁর শ্যালক মো. সালমানকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গতকাল পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি৷ টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, নিখোঁজ দুজনের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
সূত্রমতে, গত মে মাসে জেলার বিভিন্ন স্থানে ৪০টির বেশি ঘটনায় অর্ধশতাধিক মানুষ অপহৃত হন৷ এর মধ্যে পুলিশ ছয়জনকে উদ্ধার করে। এখনো নিখোঁজ আছেন ছয়জন৷ অবশিষ্টরা মুক্তিপণ দিয়ে ছাড়া পান৷
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, সীমিত জনবল দিয়ে পুলিশ পর্যটকের নিরাপত্তাসহ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। অপহরণ বন্ধ করতে পুলিশ একাধিক সন্ত্রাসী বাহিনীকে ধরার চেষ্টা চালাচ্ছে।
এদিকে গত ২৫ মে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের কেচুবনিয়া গ্রামের জঙ্গল থেকে পুলিশ মাদ্রাসাছাত্র আবু রাহানের (৮) লাশ উদ্ধার করে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল৷
গত ১৮ মে পুলিশ শহরের পাহাড়তলীর সাত্তারঘোনা উঁচু পাহাড়ের মাটি খুঁড়ে ব্যবসায়ী আজিজুর রহমানের (২৫) লাশ উদ্ধার করে। ১০ মে রাত ১১টায় শহরের কালুর দোকান এলাকা থেকে সন্ত্রাসীরা চাঁদার দািবতে তাঁকে অপহরণ করে৷
গত ২৩ মে কক্সবাজার শহরতলীর চন্দ্রিমা হাউজিং এলাকার ঝরঝরি গ্রামে ডাকাতের গুলিতে নিহত হন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আবুল মনছুর (৫০)।
গত ৬ মে সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব লারপাড়ায় সন্ত্রাসীরা স্থানীয় মো. ছৈয়দকে (৬০) কুপিয়ে হত্যা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ ও র্যাবের দুজন কর্মকর্তা বলেন, মহেশখালী ও রামুর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির ২২টি ভ্রাম্যমাণ কারখানায় তৈরি অস্ত্র সীমান্তের ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী, রাজনৈতিক দলের ক্যাডারদের হাতে চলে যাচ্ছে। এসব অস্ত্র দিয়ে অপহরণ, চাঁদাবাজিসহ খুন-খারাবি চলছে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পর্যটকেরা কক্সবাজার আসেন না৷ গত এপ্রিল মাসে এক লাখের মতো পর্যটক সৈকত ভ্রমণে এলেও মে মাসে তা পাঁচ হাজারে নেমে আসে। ফলে শহরের তিন শতাধিক হোটেল-মোটেল, গেস্টগাউস মালিকদের লোকসান গুনতে হচ্ছে।