কক্সবাজারে এখনো ছুটির আমেজ, পর্যটকে ভরপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ভিড়। গতকাল বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ভিড়। গতকাল বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তোলা ছবি l প্রথম আলো

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে গত রোববার। তবে কক্সবাজারে ছুটির আমেজ এখনো কাটেনি। ঈদের পরদিন থেকে গতকাল শনিবার পর্যন্ত পর্যটকে ভরপুর ছিল সমুদ্রসৈকত এলাকা। তবে পর্যটকদের অভিযোগ, হোটেল ও রেস্তোরাঁয় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

হোটেল ও রেস্তোরাঁর মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন থেকে গত সাত দিনে অন্তত পাঁচ লাখ পর্যটক সৈকত ভ্রমণ করেছেন। আর এতে বিভিন্ন খাতে ব্যবসা হয়েছে প্রায় ২০০ কোটি টাকার। 

গত শুক্রবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, পর্যটকে ঠাসা চারপাশ। কেউ সমুদ্রে গোসল করছেন, কেউ তুলছেন ছবি। অনেকে বিচ বাইকে দিচ্ছেন এক চক্কর।

সৈকতে কথা হয় নারায়ণগঞ্জ থেকে আসা হাবিব সাত্তারের সঙ্গে (৪৫)। স্ত্রীকে নিয়ে কক্সবাজারে এসেছেন গত বুধবার। তিনি বলেন, হোটেলকক্ষের দাম বাড়তি। রেস্তোরাঁর মালিকেরা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দাম রাখছেন।

আট বন্ধু মিলে গত বৃহস্পতিবার ফেনী থেকে ভ্রমণে এসেছেন তাওসিফ রহমান (২৬)। তাঁদের ইচ্ছে ছিল সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যাওয়ার। কিন্তু পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় ইচ্ছে পূরণ হয়নি। তিনিও হোটেল ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেন।

কক্সবাজার শহরে ৪৮০টির বেশি হোটেল-মোটেল, কটেজ ও গেস্টহাউস আছে। ধারণক্ষমতা প্রায় এক লাখ। হোটেল-মোটেলের সব কক্ষই গতকাল বুকিং ছিল বলে জানিয়েছেন কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান। তিনি বলেন, ঈদের পরদিন থেকেই পর্যটকেরা আসতে শুরু করেন। তবে সোমবার থেকে বেশি পর্যটকের আগমন ঘটছে।

কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ বলেন, তাঁরা প্রায় ৩৫ শতাংশ পর্যটকের থাকার ব্যবস্থা করে থাকেন। থাকার জন্য মাথাপিছু একজন পর্যটকের আড়াই হাজার টাকা খরচ হলে সাত দিনে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আনুমানিক ১৫০ কোটি টাকার ব্যবসা করেছেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, ঈদুল আজহার ছুটিতে বিপুলসংখ্যক পর্যটক কক্সবাজারে এসেছেন। পর্যটকের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। ঝুঁকিপূর্ণ স্থানে পুলিশের স্থায়ী নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

সৈকত ভ্রমণে এসে পর্যটকদের সংগ্রহের পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে শুঁটকি। প্রায় পর্যটকই যাওয়ার সময় শুঁটকি নিয়ে যান। কক্সবাজারে প্রায় ১৫৬টি শুঁটকির দোকান রয়েছে। এসব দোকানে গতকাল পর্যন্ত প্রচুর বেচাকেনা হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টের বিচ পার্ক মার্কেটের শুঁটকির দোকানি আবদুর রহমান বলেন, তাঁর তিনটি দোকানে সাত দিনে গড়ে পাঁচ থেকে সাত লাখ টাকা বিক্রি হয়েছে।

পর্যটক হয়রানি প্রসঙ্গে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, পর্যটক হয়রানি বন্ধে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই আদালত পরিচালনা করছেন। কক্ষ ভাড়ায় ও খাবারের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।