কক্সবাজারে এশিয়া-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড শুরু
কক্সবাজারে শুরু হয়েছে আট দিনব্যাপী ‘অষ্টম এশিয়া-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড’। জেলা শহরের সমুদ্রসৈকতে পর্যটন মোটেল শৈবাল মাঠে গতকাল মঙ্গলবার সকালে এ অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। বাংলাদেশে এ ধরনের অলিম্পিয়াড এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ছয়টি দেশের ৫২ জন জ্যোতির্বিজ্ঞানী অংশ নিচ্ছেন। দেশগুলো হলো: চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এ অলিম্পিয়াড চলবে।ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশের (টুয়াব) সাবেক সভাপতি হাসান মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল সকাল ১০টায় এ অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অষ্টম এশিয়া-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের সভাপতি মশহুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান মিখাইল গাব্রিলভ, বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের কনস্যুলার জেনারেল ওলেগ বয়কো ও তৃতীয় সচিব এলেনা নিকোলিশেভা।প্রধান অতিথির বক্তব্যে হাসান মনসুর বলেন, ‘দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই অলিম্পিয়াড বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করতে ভূমিকা রাখবে। আমরা বাংলাদেশকে সুন্দর দেশ হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।’ অলিম্পিয়াডের প্রথম দিনে গতকাল বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলে বিভিন্ন দেশ থেকে আসা বিজ্ঞানীদের নাচগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এবারের অলিম্পিয়াডের সভাপতি মশহুরুল আমিন প্রথম আলোকে জানান, আজ বুধবার সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা ধরে ৫২ জন বিজ্ঞানীর ১০০ নম্বরের তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হবে। সানীবিচ ইন্টারন্যাশনাল স্কুলে এ পরীক্ষা হবে। পরের দিন ২৯ নভেম্বর রাতে সমুদ্রসৈকতে ১০০ নম্বরের আকাশে তারা গণনা নিয়ে অনুষ্ঠিত হবে ‘পর্যবেক্ষণ পর্ব’। এ ছাড়া ৩০ নভেম্বর দিনের বেলায় শহর থেকে ৩০ কিলোমিটার দূরে পাথুরে সৈকত ইনানী ভ্রমণ, ১ ডিসেম্বর সানীবিচ স্কুলে ১০০ নম্বরের পর্যালোচনা পরীক্ষা, ২ ডিসেম্বর কক্সবাজার থেকে বান্দরবানের গোল্ডেন টেম্পল ও ফারুকপাড়া পরিদর্শন করা হবে। ৩ ডিসেম্বর কক্সবাজার শহরের মোটেল শৈবালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ৪ ডিসেম্বর সকালে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন অংশগ্রহণকারীরা। আট দিনের এই অলিম্পিয়াডের মিডিয়া পার্টনার প্রথম আলো, চ্যানেল আই ও গাইড ট্যুরস লিমিটেড।