কক্সবাজারে এসডিজি বাস্তবায়ন-বিষয়ক কর্মশালা শুরু
কক্সবাজারের ইনানী সৈকতের একটি হোটেলে শুরু হয়েছে ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়ন’ শীর্ষক আন্তমন্ত্রণালয় পরামর্শক কর্মশালা।
গত শুক্রবার রাতে চার দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মেজবাহ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে গঠিত অর্থনীতিবিদ প্যানেলের চেয়ারম্যান এবং জাতিসংঘের উন্নয়ন নীতিমালা কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) এদেশীয় পরিচালক পলিন টমেসিস।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রধান নকিব বিন মাহবুব, সাপোর্ট টু সাসটেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ প্ল্যানিং প্রকল্পের পরিচালক ফখরুল আহসান।
গতকাল শনিবার কর্মশালার চারটি অধিবেশন হয়। ৭ ডিসেম্বর কর্মশালা শেষ হবে। কর্মশালায় ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ইউএনডিপির ৭০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। দেশের সপ্তম পাঁচসালা পরিকল্পনা প্রণয়নে জিইডিকে কারিগরি সহায়তার অংশ হিসেবে এসএসআইপি প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।
এসএসআইপি প্রকল্পের কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি স্পেশালিস্ট বিপ্লব মোস্তাফিজ জানান, কর্মশালায় জাতীয় পরিকল্পনা ও এসডিজির ব্যবধান চিহ্নিত করাসহ কৌশলগত সুপারিশগুলো পর্যালোচনা করা হবে।