কক্সবাজারে এসডিজি বাস্তবায়ন-বিষয়ক কর্মশালা শেষ
কক্সবাজারের উখিয়ার একটি হোটেলে ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক আন্তমন্ত্রণালয় পরামর্শক কর্মশালা গতকাল সোমবার শেষ হয়েছে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) জ্যেষ্ঠ সচিব শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন জিইডি প্রধান নকিব বিন মাহবুব, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. আবদুল ওয়াজেদ, সাপোর্ট টু সাসটেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ প্ল্যানিং (এসএসআইপি) প্রকল্পের পরিচালক ফকরুল আহসান, জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) এ দেশীয় সহকারী পরিচালক পলাশ কান্তি দাস।
গত ৪ ডিসেম্বর রাতে কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ এবং ইউএনডিপির ৭০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় জিইডি প্রধান নকিব বিন মাহবুব ‘উন্নয়ন ফলাফল কাঠামোর (ডিআরএফ) আলোকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক উপস্থাপনা ও আলোচনা এবং ডিআরএফ বাস্তবায়নে প্রতিবন্ধকতাসমূহ’ বিষয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
এ ছাড়া ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজি অন্তর্ভুক্তকরণ: পরিস্থিতি বিশ্লেষণ, প্রস্তুতিপর্ব, কার্যকর পর্যবেক্ষণের উপায়’ শীর্ষক পর্যালোচনা উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন।
ইউএনডিপির এ দেশীয় পরিচালক পলিন টেমেসিস কর্মশালার বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন।