কক্সবাজারে এয়ারটেলের থ্রিজি চালু
কক্সবাজারে গত বৃহস্পতিবার সকাল থেকে চালু হলো এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের থ্রিজি সেবা।
এ উপলক্ষে ওই দিন বেলা ১১টায় দ্য কক্স-টুডে হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় পৌরসভার মেয়র সরোয়ার কামাল এয়ারটেলের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিটের সঙ্গে ভিডিও কলে কথোপকথনের মাধ্যমে থ্রিজি সেবার উদ্বোধন করেন।
মেয়র সরোয়ার কামাল বলেন, পর্যটন শহর কক্সবাজারে এয়ারটেলের থ্রিজি সেবার প্রচলন এখানকার অর্থনীতি শিক্ষা ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
ক্রিস টবিট বলেন, কক্সবাজারে থ্রিজি সেবার প্রচলন কার্যকরী হবে এ অঞ্চলের পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কাজী মোস্তাইন বিল্লাহ, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাজনীশ কওল ও চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী।