কক্সবাজারে কটেজের প্রাচীরসহ স্থাপনা ভেঙে দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন ‘ডিভাইন ইকো-রিসোর্টস অ্যান্ড রেস্টুরেন্ট’ নামক একটি আবাসিক কটেজের সীমানাপ্রাচীরসহ বিভিন্ন স্থাপনা গতকাল রোববার দুপুরে ভেঙে দিয়েছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদ ও কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাজহারুল ইসলাম।
রিসোর্টের মালিক মোয়াজ্জেম হোসেন চৌধুরী দাবি করেন, বৈধ জমিতে পরিবেশবান্ধব রিসোর্ট গড়ে তুলে কয়েক বছর ধরে ব্যবসা করছেন তিনি। বিশেষ মহলের ইন্ধনে কটেজের গেট, সীমানাদেয়াল ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি খাসজমি দখল করে রিসোর্ট তৈরি করা হয়েছে। এ জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় স্থাপনা তৈরির অধিকার কারও নেই।