কক্সবাজারে কাল আধাবেলা হরতাল
কক্সবাজায় জেলায় আগামীকাল রোববার ভোর পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়।
গতকাল শুক্রবার দুপুরে পৃথক অভিযানে কক্সবাজার শহরের মাঝিরঘাট থেকে জামায়াতের সদর উপজেলার সাবেক আমির মাওলানা শফিউল হক জিহাদী ও সদর উপজেলার খরলিয়া বাজার থেকে শিবিরের নেতা আয়াতুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল কক্সবাজারের আটটি উপজেলায় আধাবেলা হরতাল ডাকা হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীমউদ্দিন। তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ওই সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় তিন ব্যক্তি নিহত হন। গ্রেপ্তার হওয়া দুজন ওই মামলার আসামি।