কক্সবাজারে কাল ১৮ দলের হরতাল
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় জামায়াত-পুলিশ সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে নয়, শুধু কক্সবাজারে হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট।
আজ বুধবার বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, কুতুবদিয়ার ঘটনায় শুধু কক্সবাজারে হরতাল হবে। চট্টগ্রামে এ ধরনের কোনো কর্মসূচি নেই। হরতাল কর্মসূচির আওতার মধ্যে চট্টগ্রাম পড়বে না।
গতকাল মঙ্গলবার কক্সবাজারে জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ দাবি করেন, কুতুবদিয়ায় সংঘর্ষে তাঁদের পাঁচজন নিহত হয়েছেন। তিনি বলেন, এর প্রতিবাদে আগামীকাল কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা ডাক দেওয়া হয়েছে। তবে আজ আমীর খসরু মাহমুদ চৌধুরী হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, কাল চট্টগ্রামে নয়, কক্সবাজারে হরতালের ডাক দেওয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ গতকাল জানান, কুতুবদিয়ায় সহিংসতায় পাঁচজন নয় দুজন নিহত হয়েছেন।
রাজধানীতে জামায়াত-শিবিরের ককটেল বিস্ফোরণ
কক্সবাজারের কুতুবদিয়ায় জামায়াত-পুলিশ সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ সকালে রাজধানীর মহাখালীতে ককটেল বিস্ফোরণ করেছে জামায়াত-শিবির।