কক্সবাজারে কোরবানি নিয়ে বিপদে ৩০ হাজার পুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধমন্দির ও বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা ১৯টি মামলায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের অন্তত ৩০ হাজার পুরুষ। আসন্ন কোরবানির ঈদে তাঁরা বাড়ি ফেরা নিয়ে আতঙ্কে রয়েছেন।পুলিশ সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুর ১২টি বৌদ্ধমন্দির এবং ৩২টির বেশি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও প্রায় সাত হাজার ব্যক্তির বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। তা ছাড়া পরের দিন ৩০ সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফে সাতটি মন্দির ও বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের দায়ে উখিয়া ও টেকনাফ থানায় করা হয়েছে আরও ১১টি মামলা। এসব মামলায় আট শতাধিক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আট হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপি, জামায়াতের শীর্ষ নেতা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের। মামলার পর পর পুরুষেরা আত্মগোপনে চলে যান। এসব লোক ঈদ করতে বাড়িতে আসা নিরাপদ মনে করছেন না।জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, ১৯টি মামলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১০ জন কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে আরও কিছু ব্যক্তির প্রকাশ করেছেন। বৌদ্ধমন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় যারা জড়িত, ভিডিও ফুটেজ, ছবি এবং সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। কোনো অবস্থায় সাধারণ ও নিরীহ লোকজনকে আটক বা হয়রানি করা হবে না। নিরপরাধ লোকজন ঘরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশনা পাঠানো হয়েছে।উখিয়া উপজেলা বৌদ্ধ সর্বজনীন উন্নয়ন কমিটির আহ্বায়ক প্লাবন বড়ুয়া জানান, মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনায় করা মামলায় কয়েক হাজার অজ্ঞাতনামা আসামি থাকায় এবং গ্রেপ্তার আতঙ্কে ১৫ গ্রামের ১৫ হাজারের মতো পুরুষ গ্রামছাড়া। এঁদের ৮০ শতাংশই নিরপরাধ এবং সাধারণ মানুষ।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, ‘আমরা নিরপরাধ কাউকে হয়রানি বা আটক করছি না। কিন্তু তার পরও গ্রেপ্তার আতঙ্কে কয়েক হাজার পুরুষ ঘরছাড়া হয়েছেন।’জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, রামু, উখিয়া ও টেকনাফের অন্তত ৩০ হাজার মানুষ গ্রেপ্তার আতঙ্কে ঘরবাড়ি হারা হয়েছেন। আসন্ন কোরবানির ঈদে তাঁরা বাড়িঘরে আসতে পারছেন না। অনেকে কোরবানিও দিতে পারছে না। পুলিশের উচিত নিরপরাধ ও নিরীহ লোকজনকে হয়রানি না করা।শাহজাহান চৌধুরী জানান, উখিয়ায় মন্দির পোড়ানোর মামলায় তাঁর ছোট দুই ভাই শাহজালাল চৌধুরী ও সরওয়ার জাহান চৌধুরীকে আসামি করে ঘরছাড়া করা হয়েছে। গ্রেপ্তারের আতঙ্কে তাঁরাও কোরবানি করতে বাড়ি আসতে পারছেন না। টেকনাফের হোয়াইক্যং বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আলমগীর চৌধুরী জানান, হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় স্থানীয় জামায়াত-বিএনপির শতাধিক নেতা-কর্মীসহ অন্তত কয়েক হাজার মানুষ এখনো আত্মগোপন করে আছেন। অধিকাংশ ব্যক্তি কোরবানি করতে বাড়িতে আসতে পারছেন না।