কক্সবাজারে গণিত উত্সব শুরু

কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আজ শনিবার সকাল সোয়া নয়টার দিকে গণিত উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। জাতীয় সংগীত পরিবেশনের সময় তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন।
বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত উত্সবের পতাকা উত্তোলন করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন ও ডাচ-বাংলা ব্যাংকের কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. হামিদুল আবসার।
উত্সবে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মোট চারটি বিভাগে কক্সবাজারের আটটি উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার কে জি অ্যান্ড মডেল হাইস্কুলের অধ্যক্ষ সেলিমা রহমান ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনীর হাসান। বক্তারা শিক্ষার্থীদের বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন।