কক্সবাজারে গণিত উৎসব আজ
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আজ শনিবার অনুষ্ঠিত হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। এ উৎসবে কক্সবাজার ও বান্দরবানের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেবে। আজ সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
গণিত উৎসবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক নোভা আহমেদ ও আরশাদ চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংক কক্সবাজারের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাজ্জাদুর রহমান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউছুফ, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক কে এম রমজান আলী, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় উৎসব আয়োজনে যুক্ত রয়েছে গণিত অলিম্পিয়াড কমিটি।