কক্সবাজারে গুদামে আগুন
কক্সবাজার শহরের কৃষি অফিস এলাকা ও উখিয়া উপজেলা সদর স্টেশনে গতকাল রোববার কাপড়ের গুদাম, সাতটি বসতবাড়ি ও ১৫টি মুদির দোকানে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবদুল মজিদ বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে উখিয়া স্টেশনের দারোগাবাজারে অগ্নিকাণ্ডে সাতটি বাড়ি ও ১৫টি দোকান পুড়ে যায়। কক্সবাজার শহর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দোকানের বেশির ভাগ মালামাল পুড়ে যায়।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উখিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একরামুল হক জানান, অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে গতকাল সকাল নয়টার দিকে কক্সবাজার শহরের কৃষি অফিস-সংলগ্ন গুলজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গুলজার মার্কেটের দ্বিতীয় তলার একটি গুদামে থাকা কাপড় পুড়ে যায়।