কক্সবাজারে গুলিবিনিময় পুলিশসহ গুলিবিদ্ধ ৭ দুই ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় গতকাল বুধবার বিকেলে সংঘবদ্ধ ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া দুইটার দিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে পুলিশ পাহাড়তলী এলাকায় অভিযান চালায়। এ সময় পাহাড়ে অবস্থানরত ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। বেলা সোয়া তিনটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে অর্ধশতাধিক গুলিবিনিময় হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতের ছোড়া ছররা গুলিতে ওসি মোহাম্মদ শাহজাহান, বিশেষ আনসার সদস্য মনির উল্লাহ এবং স্থানীয় পাঁচজন বাসিন্দা বিদ্ধ হন। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় আবুল বশর (৩৮) ও রফিক আহমদ (৩৪) নামের দুজনকে দেশীয় বন্দুক ও দুটি তাজা কর্তুজসহ গ্রেপ্তার করে।পুলিশ জানায়, আটক হওয়া দুজন তাঁদের কাছে বলেছেন, তাঁদের বাড়ি মিয়ানমারের মংডু শহরে। দুই বছর আগে তাঁরা বাংলাদেশে অনুপ্রবেশ করে ডাকাতিতে জড়িয়ে পড়েন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের ছোড়া ছররা গুলিতে আহত ওসি মোহাম্মদ শাহজাহানসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।