কক্সবাজারে গোসলে নেমে নিখোঁজ সাতজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে গতকাল মঙ্গলবার সাতজন পর্যটক নিখোঁজ হয়েছিলেন। কিন্তু ডুবুরিরা দ্রুত উদ্ধার করে তাঁদের প্রাণে রক্ষা করেন। নিষেধাজ্ঞা অমান্য করে ভাটার সময় গোসলে নেমে পর্যটকেরা বিপদের সম্মুখীন হচ্ছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ভ্রমণে আসা পর্যটক মাসুম বিল্লাহ (২২) ও জহির খান (২৭)। এ সময় স্থানীয় রবি লাইফ গার্ড স্টেশনের ডুবুরিরা সাগরে তল্লাশি চালিয়ে দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রাণে রক্ষা করেন। বিকেল চারটায় একইভাবে উদ্ধার করা হয়েছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাষাঢ়া গ্রাম থেকে ভ্রমণে আসা পর্যটক আবু শাহিদ খান (২৬), ঢাকার লালবাগ এলাকার মোহাম্মদ কাউছার (২৬), পূর্ব তেজতুরী বাজার এলাকার আবুল কাশেমের ছেলে ও তিতুমীর কলেজের ছাত্র মোহামঞ্চদ তামিমকে (২০)। একই দিন স্থানীয় ইয়াসির লাইফ গার্ড স্টেশনের ডুবুরিরা উদ্ধার করেন দুই নারী পর্যটককে। রবি লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও ডুবুরি সৈয়দ নূর বলেন, কয়েক দিন ধরে সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটছে। কমবেশি সব পর্যটক গোসলের জন্য সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। জোয়ারের সময় গোসল করা নিরাপদ—এ ব্যাপারে পর্যটকদের জানাতে জোয়ারের সময় সৈকতে সবুজ পতাকা ওড়ানো হচ্ছে। আর ভাটার সময় গোসলে নামা বিপদ। এ সময় লাল পতাকা ওড়ানো হয়। কিন্তু পর্যটকেরা নিষেধাজ্ঞা অমান্য করে ভাটার সময়ও সাগরে ঝাঁপ দিয়ে বিপদে পড়ছেন। গত পাঁচ দিনে বিপদাপন্ন ৩২ পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রাণে বাঁচানো হয়েছে।সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (ওসি) আসাদ করিম চৌধুরী বলেন, ভাটার সময় গোসলে না নামার জন্য সচেতন করতে পর্যটকদের মধ্যে প্রচারপত্র বিলি করা হচ্ছে। মাইকে ঘোষণাও দেওয়া হচ্ছে। তার পরও অনেকে নির্দেশনা অমান্য করে সাগরে নামছেন।