কক্সবাজারে গ্রেপ্তার জঙ্গী কাফিকে নিয়ে যৌথ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে জঙ্গি গ্রেপ্তার ও গোপন আস্তানার সন্ধানে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবারও উপজেলার গহিন অরণ্যবেষ্টিত দুর্গম রংরাং পাহাড়ে কক্সবাজারে গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্য আবদুল্লাহ হেল কাফিকে নিয়ে অভিযান চালানো হয়েছে। সেনাবাহিনী ও বান্দরবান-কক্সবাজারের পুলিশের যৌথ এই অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিনজনকে জঙ্গি কার্যক্রমে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। আবদুল্লাহ হেল কাফি যে বাসায় ভাড়া থাকতেন, সেখান থেকে ৬০টি জেহাদি বই পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ কর্মকর্তারা বলেছেন, এত দিন বিভিন্ন সূত্রে দুর্গম এলাকায় জঙ্গির অবস্থান ও আস্তানা থাকার কথা জানলেও সুনির্দিষ্ট তথ্য ছিল না। সম্প্রতি কক্সবাজারে কয়েকজন জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর আলীকদমে গোপন আস্তানার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বুধবার থেকে অভিযান চালানো হচ্ছে। কক্সবাজারের গ্রেপ্তার হওয়াদের একজন আবদুল্লাহ হেল কাফি উপজেলা সদরে টিঅ্যান্ডটি পাড়ায় তিন মাস আগে ভাড়া বাসায় থাকতেন। সেখান থেকে জেহাদি বই উদ্ধার করা হয়। বাসার মালিককে জিজ্ঞাসাবাদ এবং কাফির দেওয়া তথ্যের ভিত্তিতে মোহামঞ্চদ হোসাইন, মজিবুর রহমান ও মোহামঞ্চদ হানিফ নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ হোসাইন বলেন, জঙ্গিদের আলীকদমে থাকা ও দুর্গম এলাকায় আস্তানা করার কাজে গ্রেপ্তার হওয়া ওই তিনজন সহযোগিতা করেছে। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেছেন, জঙ্গিরা ছাগল পালন ও শিক্ষা কার্যক্রমের আড়ালে গত দুই বছরে বান্দরবানের দুটি স্থানে গোপন ঘাঁটি করার চেষ্টা করেছে। গত বছরের ২৭ মার্চ থানচির বলীপাড়া এলাকার একটি ম্রো আদিবাসীপাড়া থেকে শামীম মাহফুজ ও ইসমাইল হোসেন নামের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হাতবোমা, বিস্ফোরক সরঞ্জাম, জেহাদি বই, বোমা তৈরির প্রশিক্ষণবিধি ও সামরিক পোশাক পাওয়া যায়। ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, এ বছরের ফেব্রুয়ারির দিকে আলীকদম ও থানচির মাঝামাঝি গহিন অরণ্যে ঘাঁটি করার চেষ্টা করা হয়। সেখানে তারা বেশ কিছু পরিখা ও ঘর তৈরি করে। কক্সবাজারে গ্রেপ্তারকৃত আবদুল্লাহ হেল কাফির কাছ থেকে ওই ঘাঁটির ধারণ করা ভিডিওচিত্র উদ্ধার করা হয়েছে। এ জন্য তাঁকে নিয়ে আলীকদমের দুর্গম এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, বাইরে থেকে বিভিন্ন কাজের অজুহাতে বান্দরবানে এসে জঙ্গি ও অপরাধীরা সংগঠিত হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। বান্দরবানের পুলিশ সুপার (এসপি) কামরুল আহসান বলেছেন, গত বছরে থানচির বলীপাড়ায় এবং সম্প্রতি কক্সবাজারে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে। তারা ছাগল পালন ও শিক্ষা প্রকল্পের আড়ালে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আরাকানের মুসলমানদের রক্ষার জন্য আন্দোলন করা হচ্ছে বলে দাবি করে আসছে। সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা কাফিকে নিয়ে অভিযান পরিচালনার কথা স্বীকার করেছেন। এলাকাটি দুর্গম হওয়ায় অভিযানকারী দলের সঙ্গে তাঁরাও যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন।