কক্সবাজারে ঘুড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে উড়ছে বাঘ, অজগর, হাঙর, ডলফিন, অক্টোপাস, জেলি ফিশসহ অারও কত প্রাণী৷ আর দর্শক প্রাণভরে উপভোগ করছে সেই দৃশ্য৷ দৃশ্যটি কক্সবাজার সমুদ্রসৈকতের৷

তবে এগুলো সত্যিকারের প্রাণী নয়, প্রাণীর আদলে তৈরি ঘুড়ি৷ বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় ঘুড়ি উত্সব-২০১৪-এর প্রথম দিনে গতকাল শুক্রবার কক্সবাজার সমুদ্রসৈকতে বিপুলসংখ্যক পর্যটক আকাশে ঘুরে বেড়ানো রংবেরঙের এসব ‘প্রাণীর’ দৌড়ঝাঁপ মনভরে উপভোগ করে৷

আজ শনিবার সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের উত্সব শুরু হবে৷ যেকোনো ব্যক্তি উৎ‍সবে ঘুড়ি ওড়াতে পারবেন৷

গতকাল বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে উত্সবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা৷

তথ্যমন্ত্রী বলেন, এই উত্সবের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার সারা বিশ্বে নতুন করে পরিচিতি পাবে৷ বালুচরে নেমে তথ্যমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ঘুড়ি উড়িয়ে ছোটদের উত্সাহিত করেন৷

শাহজাহান মৃধা বলেন, ‘ঘুড়ি ওড়ানোর দুটি পূর্বশর্ত হচ্ছে বাতাস আর শুষ্ক আবহাওয়া৷ এই সৈকতে এর দুটোই রয়েছে৷ আমরা সৈকতের নির্মল বাতাস রক্ষার দা​ি​বতে এই ঘুড়ি উত্সবের আয়োজন করেছি৷’

বিকেলে দেখা যায়, সাপঘুড়ি ওড়াচ্ছিলেন ঢাকা সিটি কলেজের ছাত্রী সাইমা রহমান৷ একটু পরে তাঁর ঘুড়ির সঙ্গে একটি হাঙরঘুড়ির রশি-কাটাকাটি শুরু হয়৷ একপর্যায়ে ‘হাঙরের’ কাছে পরাজয় হয় ‘অজগরের’৷ বালুচরে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করে পর্যটকেরা৷ আয়োজকেরা জানান, গতকাল কমপক্ষে ২০ ধরনের পাঁচ শতাধিক ঘুড়ি ওড়ানো হয়৷ সন্ধ্যা ও রাতে ওড়ানো হয় আলোকঘুড়ি ও ফানুস৷