কক্সবাজারে চলছে ছোট রুপচাঁদা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সমুদ্র থেকে নিষিদ্ধ জাল দিয়ে ধরা হচ্ছে ছোট (ঝাটকা) রুপচাঁদা মাছ। আর এসব মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে শহরের বিভিন্ন হাটবাজারে। যদিও মৎস্য আইনে এ রকম ছোট মাছ আহরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। গতকাল বুধবার সকালে শহরের প্রধান পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারি ঘাটে গিয়ে দেখা গেছে, বিপুল পরিমাণ ঝাটকা রুপচাঁদা বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে ধরছে ৭০ থেকে ৮০টি করে রুপচাঁদা। বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকায়। কয়েকজন ব্যবসায়ী খামারের মাছের খাদ্য তৈরির জন্য এই মাছ কিনে নিচ্ছেন। শহরের বড়বাজার, বাহারছড়া, কালামিয়া ও কালুরদোকান বাজারেও এই মাছ বিক্রি হচ্ছে দেদার। শহরের এন্ডারসন সড়কের ব্যবসায়ী মইনুল করিম (৪৩) বলেন, ‘এত ছোট রুপচাঁদা হাটবাজারে আগে প্রকাশ্যে বিক্রি করতে দেখিনি। সাগরে নিষিদ্ধ জাল পেতে এসব ছোট মাছ ধরা হলেও প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। এত ছোট মাছ রান্না করেও খাওয়া যাবে না।’ একটি ট্রলারের জেলে গিয়াস কামাল (৪৪) বলেন, বড় জালে এত ছোট রুপচাঁদা ধরা পড়ে না। কারেন্ট জাল দিয়েই সমুদ্র থেকে এসব বাচ্চা মাছ ধরে আনা হচ্ছে। এগুলোর বয়স ৪০-৫০ দিন। আর কয়েকটা মাস রাখা গেলে এই মাছ বিক্রি করে কোটি টাকা পাওয়া যেত। জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে গেছেন। এ কারণে বাজারে ঝাটকা রুপচাঁদা বিক্রি প্রতিরোধ করা যাচ্ছে না।