কক্সবাজারে চলছে শতবর্ষী দিঘি ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিঘি ভরাটের জন্য ট্রাকে করে আনা হয়েছে পাহাড় কাটার মাটি। গত রোববার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
দিঘি ভরাটের জন্য ট্রাকে করে আনা হয়েছে পাহাড় কাটার মাটি। গত রোববার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

কক্সবাজার শহরের গোলদীঘি কবরস্থানসংলগ্ন শতবর্ষী বঙ্গডেবা দীঘি ভরাট করা হচ্ছে। ইতিমধ্যে দিঘির প্রায় অর্ধেক অংশ ভরাট করে ফেলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ অনুযায়ী অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া ছাড়া জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে এর শ্রেণি পরিবর্তন করা যাবে না।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ৪ কানি ৪ শতক (৪০ শতকে ১ কানি) আয়তনের দিঘিতে ৫টি ট্রাকে করে আনা মাটি ফেলা হচ্ছে। এক্সকাভেটর দিয়ে সেই মাটি সমান করা হচ্ছে।
দিঘিটি ভরাটের জন্য মাটি সরবরাহ করছেন পৌরসভার ঘোনারপাড়ার রবিউল আলম। তিনি বলেন, দিঘির মালিক চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম। তিনি দেশের বাইরে। দিঘির ভরাটকাজ দেখাশোনা করছেন মহাজেরপাড়ার লিমন।
শ্রমিকেরা বলেন, শহরের মোহাজেরপাড়া, খাজা মঞ্জিল ও ঘোনারপাড়ার কয়েকটি পাহাড় কেটে মাটি এনে ফেলা হচ্ছে দিঘিতে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ ট্রাক মাটি ফেলা হয়।
লিমন বলেন, বঙ্গডেবা দীঘির মালিক ছিলেন প্রয়াত বঙ্গচন্দ্র শর্মা। বঙ্গচন্দ্রের উত্তরাধিকারীদের কাছ থেকে দিঘিটি কিনে নেন চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল আলম। দিঘি ভরাটের বিষয়টি পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামের জানা আছে। তিনি ঘটনাস্থল পরিদর্শনও করেছিলেন।

এ প্রসঙ্গে সরদার শরিফুল ইসলাম বলেন, ‘এক মাস আগে বঙ্গডেবা দীঘি ভরাটের কাজ বন্ধ করা হয়েছিল। এখন কী অবস্থা জানি না। আইন অনুযায়ী, জলাশয় কিংবা দিঘি ভরাট নিষিদ্ধ। এমনকি ব্যক্তিগত দিঘি হলেও।’

স্থানীয় বাসিন্দা ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক বলেন, শত বছরের পুরোনো এই দিঘি ভরাট করে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি চলছে। পৌরসভায় দিঘি আছে মোটে তিনটি। লালদিঘী দখলবাজেরা ঘিরে রেখেছে। গোলদিঘী মরে যাচ্ছে। এর মধ্যে আবার বঙ্গডেবা দীঘি ভরাট করা হলে, কোথাও আগুন লাগলে তা নেভানোর পানিও পাওয়া যাবে না।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ, নুরুল আমিন, আবদুল হক বলেন, গত ১ আগস্ট বঙ্গডেবা দীঘির ভরাটকাজ শুরু করা হয়। সেদিন দিঘিটি রক্ষার জন্য এলাকার লোকজন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে স্মারকলিপি পাঠান। ৯ আগস্ট রাজধানীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে দিঘিটি ভরাট বন্ধ করার আবেদনও করা হয়। কিন্তু এখনো কিছু হয়নি।

দেশের বাইরে থাকায় এ প্রসঙ্গে শামসুল আলমের বক্তব্য পাওয়া যায়নি।

দিঘি ভরাটের প্রসঙ্গে জানতে চাইলে, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল নাসের বলেন, ‘বঙ্গডেবা দীঘি ভরাটের ব্যাপারে আমি কিছু জানি না। দিঘি ভরাট করা হলে সেটা বন্ধের দায়িত্ব পৌরসভার।’

পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, বঙ্গডেবা পৌরসভার শত বছরের ঐতিহ্যবাহী দিঘি। কারা এ দিঘি ভরাট করছে, তিনি তা জানেন না। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।