কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ স্লোগানকে ঘিরে গতকাল বুধবার কক্সবাজারে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। মেলায় করদাতাদের সব ধরনের তথ্যসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া ই-টিআইএন রেজিস্ট্রেশনের ব্যবস্থা, রিটার্ন দাখিল করা, ই-পেমেন্ট কর পরিশোধের ব্যবস্থা রয়েছে।
শহরের রুমালিয়ার ছড়া এলাকায় আয়কর কার্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এ মেলা ৫ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করদাতাদের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।
গতকাল সকালে মেলার উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) জিয়া উদ্দিন, জেলা প্রশাসক মো. আলী হোসেন, চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যা, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার সৌমিত্র চাকমা, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু মোর্শেদ চৌধুরী ও কক্সবাজার কর আইনজীবী সমিতির সভাপতি ছৈয়দুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর কর কমিশনার আহাম্মদ উল্যাহ্।
সাংসদ সাইমুম সরওয়ার বলেন, জনগণের দেওয়া আয়করের টাকায় দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আয়কর দিয়ে কেউ দেউলিয়া হয় না। বরং সমাজে করদাতার মর্যাদা বাড়ে।
সাংসদ আশেক উল্লাহ বলেন, ভবিষ্যতে কক্সবাজারই হবে কর সংগ্রহের বড় স্থান।
অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যা বলেন, কক্সবাজারের জনসংখ্যার তুলনায় করদাতার সংখ্যা অত্যন্ত কম। প্রায় ২৩ লাখ মানুষের এই জেলায় কর দেন মাত্র ১৭ হাজার মানুষ। মানুষকে কর প্রদানে উৎসাহী করে তুলতে হবে।