কক্সবাজারে চার লাখ রোহিঙ্গার দ্রুত প্রত্যাবাসন দাবি
‘কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবৈধভাবে বসবাসকারী মিয়ানমারের চার লাখ রোহিঙ্গার দ্রুত প্রত্যাবাসন চাই। তাদের কারণে জেলার ২৬ লাখ মানুষের চরম ক্ষতি হচ্ছে। শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে থাকায় বেকার হয়েছে স্থানীয়রা। চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত এই রোহিঙ্গারা। বন দখল করে এরা তৈরি করছে বসতবাড়ি ও জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র। এখন থেকে যদি এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া না যায়, তাহলে এই কক্সবাজার অঞ্চল এক দিন মিয়ানমারের আরাকান রাজ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটির আহ্বায়ক এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী। সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের কারণে সাত দফা ক্ষতির কারণ তুলে ধরা হয়। এগুলো হচ্ছে—১. চার লাখ বাড়তি রোহিঙ্গা বসতির কারণে জেলায় খাদ্য ঘাটতি ২. জঙ্গি ঘাঁটি স্থাপনের মাধ্যমে অপতৎপরতা বৃদ্ধি ৩. চুরি, ডাকাতি, অবৈধ অস্ত্রের ব্যবহার, জাল টাকা ও পাসপোর্ট তৈরি, পতিতাবৃত্তি, মাদকের ব্যবহার ও ব্যবসা, নারী শিশু পাচার ৪. শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে যাওয়ায় বেকার হয়ে পড়েছে হাজার হাজার দেশীয় শ্রমিক ৫. বনভূমি দখল করে ঝুপড়িঘর স্থাপন, বনজসম্পদ উজাড় ও পাহাড় কাটার ফলে পরিবেশ ধ্বংস ৬. স্থানীয় লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি ও ৭. উন্নত রাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসনের নামে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটানো। হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ সিকদার, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি খায়রুল আলম চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, খুরশিদা করিম, মাওলানা বখতেয়ার আহমদ, নুরুল আলম, মোহাম্মদ হোসেন খান প্রমুখ। সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে পাঁচ দফা সুপারিশও তুলে ধরা হয়। এগুলো হচ্ছে—১. জেলার বিভিন্ন স্থানে বসবাসকারী রোহিঙ্গাদের এক জায়গায় এনে সরকারিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও তালিকাভুক্তকরণ ২. দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু ৩. রোহিঙ্গা বসতির কারণে ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ৪. জেলা প্রশাসকের মাধ্যমে সমন্বয় কমিটি গঠন করে রোহিঙ্গাদের কার্যক্রম মনিটরিং ৫. রোহিঙ্গা শিবিরে কর্মরত বেসরকারি সংস্থার (এনজিও) কার্যক্রম তদারকি। এর আগে অনুরূপ দাবি জানিয়ে কমিটির নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। হামিদুল হক চৌধুরী বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নিলে ২ মে থেকে স্থানীয় জনগণ মাঠে নেমে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, একসময় এখানকার মানুষ রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে থাকার সুযোগ দিয়েছে। আর এখন তা বিষ ফোঁড়ায় পরিণত হচ্ছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন সম্ভব না হলে এ অঞ্চলের মানুষের সমস্যা আরও বেড়ে যাবে। পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুরে আলম জানান, জেলায় সংঘটিত ৯০ শতাংশ অপরাধকর্মের সঙ্গে রোহিঙ্গারা জড়িত। চুরি, ডাকাতি, ছিনতাই করে রোহিঙ্গারা বন-জঙ্গলে আত্মগোপন করে। এ কারণে পুলিশকে সারা দিন ব্যস্ত থাকতে হয়।