কক্সবাজারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগে গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ভাদিতলা গ্রামের জোসনা আকতার এ মামলা করেছেন। আদালতের বিচারক রোকিয়া বেগম মামলা তালিকাভুক্ত করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়, তিন বছর আগে ভালো বেতনে চাকরির আশ্বাস দিয়ে একই ইউনিয়নের পূর্ব নলবিলা গ্রামের আলী আহমদ তাঁর মেয়ে ইয়াসমিন আকতারকে (৮) নিয়ে যান। এর পর থেকে মেয়ের সঙ্গে তাঁকে (বাদীকে) দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি মেয়েকে ফেরত চাইলে আলী আহমদ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে কয়েকবার মারধর করেন। কিছুদিন আগে থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়। তাই আদালতে মামলা করতে তিনি বাধ্য হয়েছেন। আরজিতে উল্লেখ করা হয়, আলী আহমদ নারী ও শিশু পাচারকারী। আলী আহমদ তাঁর মেয়েকে বিদেশে পাচার করেছেন বলে তিনি সন্দেহ করছেন। এ ব্যাপারে আলী আহমদের ভাষ্য, জোসনা আকতার নামে কোনো নারীর সঙ্গে তাঁর পরিচয় নেই। তাই তাঁর মেয়েকে পাচার করারও প্রশ্নই ওঠে না। নিজ দলের একটি কুচক্রী মহল তাঁকে সামাজিকভাবে হেয় করতে ওই নারীকে দিয়ে মামলাটি করিয়েছে। তদন্তে এর সত্যতা মিলবে।