কক্সবাজারে ছাত্রলীগের কাউন্সিল পণ্ড
কক্সবাজার জেলা ছাত্রলীগে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে সাড়ে ছয় বছর পর দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা হয়েছিল গত বৃহস্পতিবার। কিন্তু হামলা, ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া আর গুলিবর্ষণের ঘটনায় পণ্ড হয়ে গেছে ওই অনুষ্ঠান। এতে আহত হয়েছেন পুলিশের তিন সদস্যসহ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী।প্রত্যক্ষদর্শী ও সম্মেলনে থাকা ছাত্রলীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের সৈকতপাড়ের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন। এরপর ওই কেন্দ্র মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি নূরুল আজিমের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন প্রমুখ।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ হওয়ার পর রাত সাড়ে আটটার দিকে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে সভাপতি পদে আহমদ করিম, মোহাম্মদ আলী ও শহিদুল্লাহ কায়সার এবং সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আহমদ জয়, কামরুল হাসান ও আলী আহমদ প্রার্থী ছিলেন। এতে ‘করিম-জয়’ এবং ‘মোহাম্মদ আলী-আলী আহমদ’ প্যানেল দুটির পক্ষে নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে কাউন্সিলর কার্ড বিতরণ নিয়ে এই দুই পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।রাত সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় নেতারা ভোট প্রদানের জন্য উপজেলা মর্যাদাসম্পন্ন ঈদগাহ, মাতামুহুরী ও কক্সবাজার সরকারি কলেজ কমিটির ২৫ জনকে কাউন্সিলর ঘোষণা করলে উত্তেজনা দেখা দেয়। এ সময় ছাত্রলীগের একটি অংশ ‘মানি না, মানব না’ বলে স্লোগান দেয় এবং একপর্যায়ে তারা হলের চেয়ার ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশ চার কর্মীকে আটক করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১১টার দিকে ছাত্রলীগের কর্মীদের ছেড়ে দেয় পুলিশ। তাদের কেন আটক করে নাজেহাল করা হলো—এই অভিযোগে বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা প্রথমে সম্মেলন অনুষ্ঠানের তোরণে আগুন দেন। এরপর প্রধান সড়কের কলাতলী সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান-চলাচল বন্ধ করে দেয়। পুলিশ প্রতিবন্ধকতা সরানোর চেষ্টা করলে উচ্ছৃঙ্খল কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের একাধিবার পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে পুলিশ ছাত্রলীগের কর্মীদের সরিয়ে প্রতিবন্ধকতা তুলে নেন। এ সময় ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কয়েকজন কর্মী ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান। রাত ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা কাউন্সিল স্থগিত করে চলে যান।এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মঞ্জুর বলেন, ‘জানতে পেরেছি মোহাম্মদ আলী-আলী আহমদ প্যানেলের সমর্থকেরা কাউন্সিলর ঘোষণার বিরোধিতা করে চেয়ার ছুড়ে মারে এবং হট্টগোল করে কাউন্সিল পণ্ড করে দেয়।’কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ছাত্রলীগের কাউন্সিলে কাউন্সিলর ঘোষণা নিয়ে বিতর্ক হওয়ায় এক পক্ষ বেরিয়ে চলে যায়। কোনো মারামারি, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশের সঙ্গে বিরোধের কোনো ঘটনা ঘটেনি। ছাত্রলীগের দুই পক্ষে সামান্য হাতাহাতি হয়েছে।