কক্সবাজারে ছাত্রশিবিরের ছয় কর্মী গ্রেপ্তার
কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গতকাল শনিবার বিকেলে ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সাবেক সভাপতি কামরুল হাসানসহ (২৬) ছয় শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার সময় শহরের সিটি কলেজ এলাকা থেকে শিবিরের নেতা কামরুলকে গ্রেপ্তার করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি শহরের রুমালিরছড়ায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। এই হত্যা মামলাসহ বিভিন্ন ভাঙচুরের মামলার তালিকাভুক্ত আসামি কামরুল হাসান মহেশখালী উপজেলার কালারমারছড়া গ্রামের আবদুল শুক্কুরের ছেলে।
পুলিশ জানায়, একই সময় পুলিশ খরুলিয়া, ঘাটপাড়া ও চেয়ারম্যানপাড়ায় অভিযান চালিয়ে শহিদুল্লাহ, জানে আলমসহ পাঁচ শিবির কর্মীকে গ্রেপ্তার করে। তাঁরাও হত্যা, দ্রুত বিচার আইন ও পুলিশের ওপর হামলায় দায়ের করা একাধিক মামলার পলাতক আসামি।: