কক্সবাজারে ছুরিকাঘাতে সংবাদকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে গত শুক্রবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ক্যামেরাম্যান মো. জসিম উদ্দিন (৩০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। হামলাকারীরা শিবিরকর্মী বলে অভিযোগ পাওয়া গেছে। জসিমকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানান।পুলিশ ও জসিমের বক্তব্য থেকে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে জসিমসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক ও সংবাদকর্মী শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুটি শিশুর মৃত্যুর খবর সংগ্রহ করতে যান। এ সময় ছাত্রশিবিরের ক্যাডাররা সাংবাদিকদের জিম্মি করে মারধর করেন। পরে পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে এবং এ হামলার ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও শিবিরকর্মী মো. শাহজাহানকে আটক করে থানায় নিয়ে যায়। এর জের ধরে পরের দিন রাত নয়টার দিকে শহরের গোলদীঘির পাড়ে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে জসিমকে ছুরিকাঘাত করে।