কক্সবাজারে জঙ্গিবাদ বিরোধী সভা
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল বুধবার সকালে তথ্য অধিদপ্তরের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা নাছির উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী, জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, তৈয়বিয়া তাহেরীয়া সূন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন, কলেজছাত্রী তৌহিতা জিহান প্রমুখ।
কামরুন নাহার বলেন, বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে। দেশের উন্নয়ন ঠেকাতে একটি মহল জঙ্গি তৎপরতা শুরু করেছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ রুখে দাঁড়াতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছে। বাংলাদেশে জঙ্গিদের ঠাঁই হবে না।