কক্সবাজারে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
কক্সবাজার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল শনিবার সকালে শহরের পৌরসভা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সুজন কক্সবাজার জেলা শাখার সভাপতি অধ্যাপক এম আবদুল বারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল, প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি এম জাবের, পৌরসভার কাউন্সিলর নাজমুন্নাহার, পরিবেশ আন্দোলনের সংগঠক দীপক শর্মা, নারী নেত্রী বুলবুল-এ-জান্নাত, আইনজীবী মোহাম্মদ বখতিয়ার, শিক্ষক প্রদীপচন্দ্র শীল, ব্যবসায়ী জাফর আলম দিদার, বাদলচন্দ্র বড়ুয়া
প্রমুখ।
অধ্যাপক আবদুল বারী বলেন, কিছু শকুন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব জঙ্গিবাদ নামক সেই হিংস্র শকুনকে বধ করা। পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে তারা ইসলামকে কলঙ্কিত করছে। পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মকে অপমানিত করছে। ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না।
ব্যবসায়ী জাফর আলম দিদার বলেন, ছেলেমেয়েরা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, অভিভাবকদের এটি খেয়াল রাখতে হবে। দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
দীপক শর্মা বলেন, মানবতার শত্রু জঙ্গিদের শক্ত হাতে প্রতিহত করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।