কক্সবাজারে জমজমাট কোরবানির হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার শেষ মুহূর্তে জমে উঠেছে কক্সবাজারের পশু বিক্রির ১৪টি বড় হাট। চট্টগ্রাম, আমিরাবাদ, সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়ার ব্যবসায়ীরা এসব হাট থেকে কম দামে গরু, মোষ ও ছাগল কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। গত রোববার বিকেলে সদর উপজেলার তিনটি বৃহত্তম কোরবানির পশুর হাট খরুলিয়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পানিরছড়া বাজার পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে।খরুলিয়া বাজারের ইজারাদার মো. শরিফ উদ্দিন জানান, হাটে প্রচুর গরু, মোষ ও ছাগল বিক্রি হচ্ছে। মিয়ানমার থেকে বিপুলসংখ্যক পশু আসায় এবার দামও কিছুটা কম। এতে সাধারণ মানুষ খুশি হলেও স্থানীয় বিক্রেতারা কিছুটা হতাশ।রোববার সন্ধ্যায় এই হাট থেকে ৫০টি গরু ও মোষ কিনে দুটি ট্রাকে বোঝাই করেন সীতাকুণ্ডের ব্যবসায়ী মমতাজ আহমদ। তিনি জানান, চার-পাঁচ মণ ওজনের বড় গরু ও মোষ এই হাটে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ হাজার টাকায়। এই পশু চট্টগ্রাম-ঢাকার বাজারে নিলে দেড় থেকে দুই লাখ টাকা করে পাওয়া যাবে। জেলার বৃহত্তম কোরবানির পশুর হাট বসে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে। উপজেলার শাহপরীর দ্বীপ করিডর দিয়ে আসা মিয়ানমারের হাজার হাজার গরু, মোষ ও ছাগল এই মাঠে কেনাবেচা হয়। স্থানীয় গরু, মোষ ও ছাগল এখানে আনা হয় বিক্রির জন্য। গতকাল সোমবার এই হাটে দেড় থেকে দুই মণ ওজনের গরু ও মোষ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকায়, দুই থেকে চার মণ ওজনের গরু ও মোষ ৩৫ থেকে ৪০ হাজার টাকা এবং তার চেয়ে বড় গরু ও মোষ সর্বোচ্চ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। টেকনাফের ব্যবসায়ী আবদুল মোনাফ জানান, গতকাল বিদ্যালয় মাঠের হাট থেকে তিনি তিন মণ ওজনের একটি গরু কিনেছেন ৩৮ হাজার টাকা দিয়ে। তবে টেকনাফের পল্লানপাড়ার চাষি খলিল আহমদ জানান, ‘ঈদুল আজহায় বিক্রির জন্য তিনি ছয় মাস ধরে পাঁচটি গরু পালন করে বেশ মোটাতাজা করেন। কিন্তু মিয়ানমারের পশুর কারণে এসবের দাম পাওয়া যাচ্ছে না।’ ৮০ হাজার টাকার বেশি দামে এই গরু বিক্রি সম্ভব না হলে গরুগুলো তিনি বাড়িতে ফেরত নিয়ে যাবেন। এ ছাড়াও উখিয়া, বালুখালী, কোর্টবাজার, রামু, পানিরছড়া, টেকনাফের নিলা, সাবরাং, শাহপরীর দ্বীপ, চকরিয়া, পেকুয়াসহ অন্তত ১৪টি হাটে কোরবানির পশুর হাট জমে উঠেছে। শাহপরীর দ্বীপের ব্যবসায়ী মনির উল্লাহ জানান, কয়েক দিনে মিয়ানমারের আকিয়াব থেকে বিপুলসংখ্যক কোরবানির পশু টেকনাফ এসেছে। আজ মঙ্গলবার ভোরে আরও কয়েক হাজার গরু, মোষ ও ছাগল টেকনাফ পৌঁছাবে। তাই পশুর দাম আরও কমতে পারে। শুল্ক বিভাগ সূত্র জানায়, দেশে মাংসের চাহিদা পূরণ করতে সরকার ২০০৩ সালের ২৫ মে শাহপরীর দ্বীপ করিডরটি চালু করে। গত ৩১ অক্টোবর পর্যন্ত এই করিডর থেকে সরকার আট কোটি ৪৩ লাখ সাত হাজার ২০০ টাকা রাজস্ব আদায় করেছে। টেকনাফ শুল্ক স্টেশনের কাস্টমস সুপার আনোয়ার মাসুম জানান, জেলার একমাত্র শাহপরীর দ্বীপ করিডর দিয়ে কয়েক দিন ধরে অনেক পশু আসছে। এতে সরকারও অনেক রাজস্ব পাচ্ছে। তিনি জানান, শুল্ক বিভাগ গরু ও মোষপ্রতি ৫০০ টাকা এবং প্রতিটি ছাগল থেকে ২০০ টাকা করে রাজস্ব আদায় করে।