কক্সবাজারে জমি দখলের জন্য ১৯টি ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাইপাস সড়কে গত রোববার বিকেলে জমি দখলের জন্য সন্ত্রাসীরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ১৯টি দরিদ্র পরিবারের বসতবাড়ি। সন্ত্রাসীদের হামলায় এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে একদল সন্ত্রাসী বাইপাস সড়কের পাশে কলাতলী আদর্শ গ্রামে বসবাসকারী নুর ফাতেমার বাড়িতে আগুন দেয়। আগুনে আকতার হোসেন, সফুরা খাতুন, রুনা আকতার, খোরশেদ আকতার, রবি আলম ও মো. নাসিরের ঘরসহ ১৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখে ঘরবাড়ি থেকে বেরিয়ে নারী-শিশুরা কান্নাকাটি শুরু করে। কেউ কেউ মালামাল রক্ষার চেষ্টা চালায়। কিন্তু এ সময় তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা বাড়ির বসতভিটা দখলে নেওয়ার জন্য লোকজনকে মারধর করে। এতে অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে মো. রসিদ, সফুরা আকতার ও রুনা আকতারসহ পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে প্রতিবেশীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দুটি ঘরের মালিক খোরশেদ আকতার (৩৪) ও হাসিনা বেগম (৪৭) জানান, পাঁচ বছর ধরে তাঁরা এখানে বসবাস করে আসছেন। এই জমির মালিক কক্সবাজার শহরের উত্তর রুমালিরছড়ার বাসিন্দা দিদারুল আলম চৌধুরী ও সাইফুল আলম চৌধুরী। ভাড়া নিয়ে ওই জমিতে তাঁরা বসবাস করছেন। জমির মালিক দাবিদার সাইফুল আলম চৌধুরী জানান, তাঁর ৪০ শতক জমিতে ১৯টি পরিবার ভাড়ায় থাকে। চট্টগ্রামের জনৈক আকতারুজ্জামান সন্ত্রাসীদের নিয়ে ওই জমি দখল করতে এসেছিলেন। পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা ঘরে আগুন দেয়।তবে আকতারুজ্জামান সাংবাদিকদের জানান, এক বছর আগে তিনি স্থানীয় খতেজা বেগম থেকে ওই জমি বায়নামূলে কিনেছেন। পুলিশ নিয়ে তিনি রোববার দখল বুঝে নিতে এসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর লোকজনের ওপর হামলা চালায়।ঘরে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমাদের বিপদে ফেলার জন্য কে বা কারা ঘরগুলোতে আগুন দিয়েছে।’পুলিশের উপস্থিতিতে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে কক্সবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার এম সালাহ উদ্দিন জানান, পুলিশ যাওয়ার আগে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ জানান, আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষ জমিটি দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে।