কক্সবাজারে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের লামাজিপাড়ায় গতকাল শনিবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে মাহবুবুল আলম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মাহবুবুল একই ইউনিয়নের কুলিয়াপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে। গুলিবিদ্ধ দিলদার আলম (২২), ছিদ্দিকী (২৪) ও ফরিদ ছিদ্দিকী (৩০) নামের তিন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টায় বিরোধপূর্ণ ওই জমি নিয়ে লামাজিপাড়ায় সালিস চলছিল। সকাল ১০টায় জমির মালিকানা নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে স্থানীয় ফোরকান ও মনজুরের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গুলিতে মাহবুবুল আলম ঘটনাস্থলেই মারা যান। বেলা ১১টায় ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।কক্সবাজার সদর মডেল থানার ওসি কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মাহবুব নিহত হন। অভিযুক্ত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।