কক্সবাজারে জমে উঠেছে প্রথমার বইমেলা
কক্সবাজারে জমে উঠেছে প্রথমা প্রকাশনের বইমেলা। বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্তই মেলায় ভিড় করছেন বিভিন্ন বয়সী পাঠকেরা।
শহরের পাবলিক হলে গত মঙ্গলবার বিকেলে ছয় দিনব্যাপী মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। মেলা চলবে ৭ আগস্ট রাত আটটা পর্যন্ত। মেলা আয়োজনে সহযোগিতা দিচ্ছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
গতকাল বুধবার মেলায় গিয়ে দেখা যায়, দুপুরেও ব্যাপক পাঠক সমাগম হয়েছে। কথা হয় মেলায় আসা চকরিয়ার বদরখালী কলেজের অধ্যক্ষ ফজলুল হকসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে। তাঁরা কলেজের পাঠাগারের জন্য প্রায় ১২ হাজার টাকার বই কেনেন। এর মধ্যে বেশির ভাগ মুক্তিযুদ্ধ নিয়ে।
ফজলুল হক বলেন, প্রথমা প্রকাশনের প্রায় সব বই ভালো মানের। এসব বই কলেজের পাঠাগার রাখলে দুর্গম উপকূলের শিক্ষার্থীরা উপকৃত হবে।
কক্সবাজার কেজি স্কুলের শিক্ষার্থী সায়মা আফরিন মেলার দ্বার খোলার আগে থেকেই অপেক্ষা করছে বলে জানায়। সে কিনেছে তালপাতার সেপাই ও অন্যান্য গল্প নামের একটি বই। তার পাশে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হাসিনা কিনেছে দ্য গুড মুসলিম নামের আরেকটি বই।
সায়মা আফরিন বলে, এই শহরে বইমেলা খুব একটা হয় না। শহরের পাঠাগারগুলোতেও ভালো মানের বই নেই। কিছু বই পাওয়া গেলেও ভুল বানানে ভরা। ওই সব বইতে আধুনিক ভাষারীতি অনুসরণ করা হয় না। তাই প্রথমার বইমেলায় ছুটে আসা।
শহরের পিটিআই পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থী আফরিদ কিনেছে তিমি ও মা নামে দুটি বই। এ ছাড়া কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান, বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী মামুনও ঘুরে ঘুরে বই কিনছে।
মেলায় আসেন কবি শামীম আকতার। তিনি কিনেছেন ১৯৭১: ভেতরে বাইরে, গণিতের জাদু ও বাংলাদেশের নায়কেরা নামের কয়েকটি বই।
শামীম আকতার বলেন, বইমেলায় দারুণ সব বই দেখে সবাই মুগ্ধ। এই মেলা অব্যাহত রাখা জরুরি।
প্রথমা প্রকাশনের সহকারী ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, কক্সবাজারে প্রথমবারের মতো এই বইমেলার আয়োজন হলেও বিক্রি ভালোই হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন মেলায় আসছেন। বইমেলায় প্রথমা প্রকাশন ছাড়াও দেশি-বিদেশি বিখ্যাত লেখকদের বই রাখা হয়েছে।