কক্সবাজারে জাটকা শিকার বন্ধ হচ্ছে না
কক্সবাজারে জাটকা শিকার বন্ধ করা যাচ্ছে না। পয়লা বৈশাখকে সামনে রেখে স্থানীয় চাহিদা মেটাতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল জাটকা ধরে আনছেন। আর এসব জাটকা বিক্রিও হচ্ছে চড়া মূল্যে।
গতকাল রোববার সকালে শহরের পাইকারি মাছের বাজার নুনিয়াছটা ফিশারি ঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ট্রলার থেকে নামানো হচ্ছে বিপুল জাটকা। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসব জাটকা কিনে নেন।
একটি ট্রলারের জেলে মোবারক হোসেন (৪৩) বলেন, সাগরে ইলিশের সন্ধান মিলছে না। কিন্তু সোনাদিয়া উপকূলে জাল ফেলে কয়েক শ জাটকা পাওয়া গেছে।
কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী মোস্তাক আহমদ শামীম বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে হোটেল-রেস্তোরাঁয় ইলিশের চাহিদা অনেক। বিপুলসংখ্যক পর্যটক সেদিন পান্তা-ইলিশ খাবেন। এ জন্য কতিপয় হোটেল মালিক চড়া মূল্যে জাটকা সংগ্রহ করছেন। অনেকে ইলিশের জন্য ব্যবসায়ীদের অগ্রিম টাকা দিয়েছেন। এতে জেলেরা জাটকা নিধনে উৎসাহিত হচ্ছেন।
কক্সবাজার সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মঈন উদ্দিন আহমদ জানান, গত শনিবার সকালে ফিশারি ঘাটে অভিযান চালিয়ে বিপুল জাটকা জব্দ করা হয়। আগের দিন শুক্রবার শহরের বাঁকখালী নদীতে অভিযান চালিয়ে জব্দ করা হয় ৩০০ কেজির বেশি জাটকা। তারপরও জাটকা শিকার বন্ধ করা যাচ্ছে না।
জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, জাটকা শিকার বন্ধে সাগরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান দরকার। এককভাবে সাগরে অভিযান চালানোর মতো আধুনিক জলযান ও জনবল এই বিভাগের নেই।