কক্সবাজারে জামায়াতের ও ভান্ডারিয়ায় ১৮ দলের হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে আজ রোববার আধা বেলা হরতাল ডেকেছে জেলা জামায়াত। গত কয়েক মাসে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে হরতাল দেওয়া হয়েছে। অন্যদিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। উপজেলা জামায়াতের আমির আবদুল গণিকে আটকের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ প্রথম আলোকে জানান, গত কয়েক মাসে পুলিশ জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করে কারাগারে পাঠিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার শহরের মাঝিরঘাট ও খরুলিয়াবাজার থেকে জামায়াত নেতা মাওলানা শফিউল হক ও শিবিরের নেতা আয়াতুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ ভোর পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত জেলায় হরতাল করা হবে।

 জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, গত ১৫ ফেব্রুয়ারি শহরের রুমালিয়ারছড়ায় জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হন। ওই মামলার তালিকাভুক্ত আসামি হিসেবে শফিউল ও আয়াতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জামায়াতের আমির আবদুল গণিকে গতকাল দুপুরে আটক করে পুলিশ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে আয়োজিত ১৮-দলীয় জোটের মতবিনিময় সভা থেকে তাঁকে আটক করা হয়।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই জামায়াত নেতা আবদুল গণিকে আটক করে নিয়ে যায়। তাঁরা আবদুল গণির নিঃশর্ত মুক্তি দাবি করছেন। মুক্তি না দিলে আজ রোববার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, নাশকতা ও আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় আবদুল গণিকে আটক করা হয়েছে।