কক্সবাজারে জামায়াত-শিবিরের তাণ্ডব, জেলা অচলের হুমকি
কাদের মোল্লার ফাঁসির রায়ের আদেশ কার্যকরের উদ্যোগকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকে কক্সবাজার শহরে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা তাণ্ডব চালান। এদিকে প্রয়োজনে পুরো জেলাকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ।
বেলা একটা পর্যন্ত জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আহত হন অন্তত ২৫ জন। শিবিরের ইটের আঘাতে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামানের মাথা ফেটে গেছে। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা করছেন। অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মাঠে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার প্রধান সড়কের বাজারঘাটা থেকে দক্ষিণ দিকে রুমালিয়াছড়ার হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত পুরো এলাকা দখল করে রাখেন। সড়কের ওপর বসে শত শত শিবিরকর্মী বিক্ষোভ সমাবেশ করেন। জেলার উখিয়া, কোটবাজার, বিসিক এলাকা, সদরের খরুলিয়া, ঈদগাহ, রামুর চা-বাগান, চকরিয়ার চিরিঙ্গা, হারবাং ও চট্টগ্রামের সাতকানিয়া, আমিরাবাদসহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার ও কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরের প্রধান সড়কে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা টহল দিলেও পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। মানুষ ঘর ছেড়ে বেরোচ্ছে না। ৯০% দোকানপাট বন্ধ রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ ভোররাতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কক্সবাজার-টেকনাফ সড়কের (উখিয়া সদর এলাকায়) দুই পাশে লাগানো অন্তত ৭০টির বেশি বড় বড় গাছ করাত দিয়ে কেটে রাস্তার ওপর ফেলে রাখে। এতে সকাল থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকাল আটটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ১২টি অটোরিকশা ভাঙচুর করেন। একইভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলাবাজার, খরুলিয়া, ঈদগাহ, চিরিঙ্গাসহ বিভিন্ন স্থানে ৪০টির বেশি যানবাহন ভাঙচুর করা হয়েছে।
সকাল নয়টার দিকে শহরের প্রধান সড়কের পাশে ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনে গিয়ে শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ শুরু করেন। এ সময় ৫০০ গজ দূরে থাকা পুলিশ তাঁদের ধাওয়া করে। দুপুর ১২টা পর্যন্ত একই স্থানে মুখোমুখি অবস্থায় উভয় পক্ষে ১০ বারের বেশি ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এতে অন্তত ২৫ জনর বেশি পথচারী আহত হন।
জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহর দাবি, ‘তথাকথিত যুদ্ধাপরাধের নামে ফাঁসি দিয়ে সরকার কাদের মোল্লাকে হত্যার চক্রান্ত করছে। এতে কারাবিধিও মানা হচ্ছে না। তাই জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। প্রয়োজনে পুরো জেলাকে অচল করে দেওয়া হবে।’