কক্সবাজারে জামায়াতের নেতা গ্রেপ্তার
কক্সবাজার শহর জামায়াতের আমির আবু তাহের চৌধুরীকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের প্রধান সড়কের হলিডে মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুরুল আলম জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমির গ্রেপ্তার: লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, লোহাগাড়ার কলাউজান ইউনিয়ন জামায়াতের আমির মো. নাজিম উদ্দিনকে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, নাজিম উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে একই রাতে লোহাগাড়ার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের আরও নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সীতাকুণ্ডে গ্রেপ্তার ১৫: সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গাড়িতে আগুন, ভাঙচুরসহ নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।