কক্সবাজারে জামায়াতের হরতাল পালন, ১৬ গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৫
কক্সবাজারের আটটি উপজেলায় গতকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ১৬টি যানবাহন ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত-শিবির ও ছাত্রদলের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।জেলা জামায়াতের সহসভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল চৌধুরীর মুক্তির দাবিতে জামায়াত এই হরতাল কর্মসূচি দেয়। এতে বিএনপি সমর্থন জানায়। বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া থেকে শাহজালালকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলা কারাগারে রয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে জামায়াত-শিবিরের একদল কর্মী শহরের প্রধান সড়কে মিছিল শুরু করে। মিছিলে অংশগ্রহণকারীরা লালদীঘির পাড় ও ফজল মার্কেট এলাকায় ব্যাটারিচালিত চারটি টমটম ও পানবাজার সড়কে একটি ট্রাক ভাঙচুর করেন। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বেলা ১০টা পর্যন্ত টেকপাড়া, কলেজগেট ও লিংকরোডে ভাঙচুর করা হয় আরও সাতটি যানবাহন। উখিয়া, রামু ও ঈদগাও এলাকায় ভাঙচুর করা হয় চারটি যাত্রীবাহী মাইক্রোবাস ও টমটম। পরে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা মাঠে নামলে হামলাকারীরা পালিয়ে যান। জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ বলেন, শাহজালালসহ গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হবে।