কক্সবাজারে জেলেদের পরিচয়পত্রসহ ১০ দফা বাস্তবায়নের দাবি
বঙ্গোপসাগরে নিরাপদে মাছ ধরার ব্যবস্থা নিশ্চিত করা, পরিচয়পত্র দেওয়াসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজার শহরের প্রধান সড়কে দুই ঘণ্টার মানববন্ধন করেছে উপকূলের কয়েক শ জেলে পরিবারের সদস্যরা। পরে তাঁরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়। ১০ দফার মধ্যে রয়েছে, উপকূলের প্রকৃত জেলে ও তাঁদের পরিবারের মধ্যে মাছ ধরা নিষিদ্ধকালীন খাদ্য বিতরণ দ্বিগুণ করা; প্রকৃত জেলেদের নিবন্ধন, তালিকা প্রণয়ন ও পরিচয়পত্র দেওয়া; ঝড়, জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ে নিহত ও নিখোঁজ জেলের পরিবারকে আর্থিক অনুদান ও সরকারি ঝুঁকিবিমা চালু অন্যতম। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ কর্মসূচির আয়োজন করে। শহরের নুনিয়াছটা থেকে আসা জেলে নবী হোসেন (৪১) জানান, ‘ঝড়-জলোচ্ছ্বাস উপেক্ষা ও জীবনের মায়া ত্যাগ করে আমরা গভীর সাগর থেকে মাছ ধরে লাখ লাখ মানুষের চাহিদা পূরণ করি। কিন্তু জলদস্যুদের কবলে পড়ে আমাদের নিঃস্ব হতে হচ্ছে। দস্যুরা জেলেদের বেদম মারধর করে, অধিকাংশ ক্ষেত্রে হাত-পা বেঁধে সাগরে ছুড়ে ফেলে। এতে অনেকের মৃত্যু হচ্ছে।’