কক্সবাজারে জোয়ারে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমাবস্যার জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোনা পানি ঢুকে কক্সবাজারের ছয় উপজেলার ৪৬টি গ্রামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে। লোনা পানিতে ডুবে নষ্ট হচ্ছে খেতের ফসল।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, সদর, উখিয়া ও রামু উপজেলায় পাউবোর বেড়িবাঁধ আছে প্রায় ৫৯৫ কিলোমিটার। এর মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে প্রায় সাত কিলোমিটার বেড়িবাঁধ। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আরও ১১ কিলোমিটার বাঁধ। ভাঙা বেড়িবাঁধ দিয়ে অমাবস্যার জোয়ারের পানি ঢুকে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, অমাবস্যার প্রভাবে সমুদ্রে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধে আঘাত হানছে। এর ফলে সম্পূর্ণ বিলীন বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। আবার মারাত্মক ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো ভেঙে যাচ্ছে। জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিম ও দক্ষিণ অংশের প্রায় আধা কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, মাঝরপাড়া, ঘোলাপাড়াসহ সাতটি গ্রাম প্লাবিত হচ্ছে।
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, অমাবস্যার জোয়ারে উপজেলার উত্তর ধুরুং, বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, পেকুয়া ও চকরিয়া উপজেলার কয়েকটি ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে ১২টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে।
এ প্রসঙ্গে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান জানান, মহেশখালীর ধলঘাটার এক কিলোমিটার ভাঙা বাঁধ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। টেকনাফের শাহপরীর দ্বীপসহ অন্যান্য এলাকার বিলীন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু নভেম্বর-ডিসেম্বরের আগে সংস্কারকাজ শুরু করা সম্ভব নয়। কারণ, মে থেকে জুলাই মাস সাগর প্রচণ্ড উত্তাল থাকে। এ সময় বাঁধ নির্মাণ করলে মুহূর্তে বিলীন হয়ে যাবে।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চতা বৃদ্ধি পেলেও পাকিস্তান আমলে তৈরি মেয়াদোত্তীর্ণ বেড়িবাঁধের উচ্চতা বাড়ানো হচ্ছে না। ফলে জোয়ারের পানি সহজে বেড়িবাঁধ উপচে গ্রামে প্রবেশ করছে।
মহেশখালী প্রতিনিধি জানান, টানা পাঁচ দিন ধরে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে ১৬টি গ্রাম। পাঁচ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে অমাবস্যার জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মাতারবাড়ীর টিয়াকাটি, রোস্তমদোনা ও রাঙ্গাখালীর এক কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে আট গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে প্রায় ৮০০ একরের লবণমাঠ ও ৪০০ একরের বোরো ধান। দক্ষিণ মগডেইল, সাইরার ডেইল, মাইজপাড়া, বিলপাড়া, ফুলজানমোরা, দক্ষিণ রাজঘাটের অন্তত ১০০ কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে।
স্থানীয় সূত্র জানায়, ধলঘাট ইউনিয়নের সরইতলা, ভারতঘোনা ও সাপমারার ডেইল এলাকার প্রায় চার কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা। এসব ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে বেগুনবনিয়া, পণ্ডিত ডেইল, গুইজ্যার ডেইল, সুতরিয়া, সরইতলা, খাতুরপাড়াসহ আটটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
এলাকাবাসী জানান, গত শুক্রবার দুপুরে জোয়ারের পানি ও সাগরের উত্তাল ঢেউয়ে নতুন করে ফাটল ধরেছে মাতারবাড়ীর চার কিলোমিটার ও ধলঘাট ইউনিয়নের আট কিলোমিটার বেড়িবাঁধে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ভাঙা বেড়িবাঁধ সংস্কার না করায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। এতে তলিয়ে গেছে লবণমাঠ, বোরো ধান ও কাঁচা ঘরবাড়ি। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ভাঙা বাঁধ সংস্কারের উদ্যোগ না নিলে এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
ধলঘাট ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কামরুল হাসান বলেন, জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ সংস্কারের উদ্যোগ না নিলে সামনের বর্ষায় পুরো এলাকা সাগরে তলিয়ে যাবে। এতে বিলীন হয়ে যাবে এই এলাকার অন্তত তিন হাজার ঘরবাড়ি।