কক্সবাজারে ঝাউবন দখল বসতবাড়ি তৈরির হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন ঝাউবাগান দখল করে তৈরি হচ্ছে বসতবাড়ি। দিনরাত ঝাউগাছ কেটে ঘরবাড়ি তৈরি হলেও দেখার কেউ নেই। গতকাল মঙ্গলবার সকালে শহরের নাজিরারটেক, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া সৈকত পরিদর্শন করে দেখা গেছে, বিশাল ঝাউবাগানের গাছ কেটে তৈরি করা হয়েছে কয়েক শ বসতবাড়ি। স্থানীয় লোকজন বলেন, স্থানীয় কস্তুরাঘাট বনবিট কর্মকর্তা আবদুল জলিলের যোগসাজশে বন পাহারার জন্য নিয়োগপ্রাপ্ত মোস্তাক আহমদ ও বাবুল আহমদ মাথাপিছু ১০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে লোকজনকে বসতবাড়ি তৈরির সুযোগ দিচ্ছেন। এতে দ্রুত ঝাউবন উজাড় হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দখলদার বলেন, বনবিট কর্মকর্তাকে ম্যানেজ করে অনেকে রাতের বেলায় ৩০ থেকে ৪০ ফুট লম্বা ঝাউগাছ কেটে জেলেদের কাছে প্রতিটি দুই থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করছে। এই ঝাউগাছ দিয়ে গভীর সাগরে বিহিঙ্গি জালের খুঁটি দেওয়া হচ্ছে। সমুদ্র উপকূলের কয়েক হাজার জালের ১৫ হাজারের বেশি লম্বা খুঁটি ঝাউগাছ দিয়ে পূরণ করা হচ্ছে।টাকা নিয়ে গাছ বিক্রি ও বসতবাড়ি তৈরির সহযোগিতা প্রসঙ্গে জানতে চাইলে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, রাতের অন্ধকারে ভাসমান লোকজন ঝাউবাগান দখল করে ঘরবাড়ি তৈরি করছে। বন বিভাগের পক্ষে এসব উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। চারজন বন প্রহরী দিয়ে বিশাল ঝাউবন পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না বলে মোস্তাক ও বাবুলকে বন পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। টাকা নিয়ে গাছ বিক্রির সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।দেখা গেছে, শহরের কলাতলী, আদর্শগ্রাম, হিমছড়ি, সোনারপাড়া, ইনানী, বাহারছড়াসহ টেকনাফ পর্যন্ত অন্তত ৮০ কিলোমিটার সৈকতসংলগ্ন ঝাউবনের ভেতরে এ রকম ১০ হাজারের বেশি বসতবাড়ি তৈরি করে অবৈধ বসতি গড়েছে ৮০ হাজার মানুষ। এদের ৮০ শতাংশ মিয়ানমারের রোহিঙ্গা। দিনের বেলায় পুরুষেরা বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিকের কাজ করলেও নারী-শিশুরা সমুদ্রসৈকতে নেমে নিষিদ্ধ মশারি জাল দিয়ে চিংড়ির পোনা আহরণ করছে। এ সময় অন্যান্য প্রজাতির পোনা মাছও ধ্বংস করা হচ্ছে।জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, ঝাউবাগানের ভেতরে বসবাসকারী লোকজনকে উচ্ছেদ করা গেলে মৎস্য ভান্ডারের পাশাপাশি বনের গাছও রক্ষা করা সম্ভব হতো। অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, ঝাউবাগানের ভেতরে লোকবসতি আশঙ্কাজনক হারে বাড়ছে। বন বিভাগ এসব ঘরবাড়ি উচ্ছেদে সহযোগিতা চাইলে পুলিশ প্রস্তুত রয়েছে।